মীর কাসেমের জামিনের আবেদন খারিজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর জামিনের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৫ জুলাই তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ওই দিন তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে তদন্তের অগ্রগতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।ট্রাইব্যুনাল আদেশে বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ অনুসারে জামিনের কোনো বিধান নেই। তবে এর আগে এই ট্রাইব্যুনালে জামিনের আদেশপ্রাপ্ত বিএনপির নেতা আবদুল আলীমের প্রসঙ্গে বলা হয়, তাঁর (আবদুল আলীম) বয়স প্রায় ৯০ বছর। তিনি হাঁটাচলা করতে পারেন না। কিন্তু মীর কাসেম আলীর শারীরিক অবস্থা এমন নয়। মামলার গুরুত্ব বিবেচনা করে এই মুহূর্তে তাঁকে জামিন দেওয়ার কোনো কারণ ট্রাইব্যুনাল পাননি। এ জন্য তাঁর জামিনের আবেদন খারিজ করা হয়েছে।মীর কাসেম আলীকে আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ১৭ জুন ট্রাইব্যুনালের নির্দেশে তাঁকে রাজধানীর দিগন্ত মিডিয়া লিমিটেডের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।