মীর কাসেমের জামিনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দী জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর জামিনের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৫ জুলাই তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার পরবর্তী দিন ধার্য করে ওই দিন তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আসামির কাঠগড়ায় মীর কাসেমের উপস্থিতিতে আদেশে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এ জামিনের কোনো বিধান নেই। তবে এই ট্রাইব্যুনাল মানবিক বিবেচনায় ৮৩ বছর বয়সী আবদুল আলীমকে জামিন দিয়েছেন, কারণ তিনি হাঁটতে পারেন না। হুইলচেয়ারে করে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়। আসামির (মীর কাসেম) হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে, তবে তাঁর অসুস্থতা আলীমের অনুরূপ নয়। তাঁকে জামিন দেওয়ার কোনো যৌক্তিক কারণ না থাকায় জামিনের আবেদন খারিজ করা হলো।’রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল গত রোববার মীর কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিনই গ্রেপ্তারের পর তাঁকে ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে পাঠানো হয়। সোমবার তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। সেদিন দুই পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য গতকাল দিন ধার্য করেন।সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষীকে জেরা শেষ: একই ট্রাইব্যুনালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী গৌরাঙ্গ সিংহকে গতকাল জেরা শেষ করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। গতকাল তাঁকে প্রায় তিন ঘণ্টা জেরা করা হয়।জেরায় এক প্রশ্নের জবাবে গৌরাঙ্গ বলেন, নূতন চন্দ্র সিংহের মরদেহ ভবনের নিচতলার বারান্দা থেকে আনুমানিক তিন-চার ফুট দূরে পড়ে ছিল। আইনজীবী পরের কয়েকটি প্রশ্ন করেন কুণ্ডেশ্বরী কমপ্লেক্স সম্পর্কে। এসব প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, কুণ্ডেশ্বরী মন্দিরের পূর্ব, পশ্চিম ও দক্ষিণে লাগোয়া দোতলা ভবন আছে। উত্তর-পশ্চিম দিকে ধানের গোলাঘর ছিল। কুণ্ডেশ্বরীর প্রধান ফটকের বাইরে পশ্চিম দিকে বিদ্যালয়। তার একটু দক্ষিণে ফটকের ভেতর গ্যারেজ ও গোডাউন। গ্যারেজের দক্ষিণে পাশাপাশি তিনটি ওষুধের কারখানা। মন্দিরের উত্তরে একটা ঘরে খামারের জিনিসপত্র রাখা হতো এবং কৃষকেরা থাকতেন। একাত্তরে হত্যাকাণ্ডের সময় লোকজন সব চলে গিয়েছিল, দু-একজন ছিল।জেরায় প্রশ্নের জবাবে গৌরাঙ্গ বলেন, নূতন চন্দ্রের মৃত্যুর এক দিন পর তিনি প্রথমে ভারতের আগরতলা, পরে কলকাতায় যান। ঘটনার দিন সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেখেছেন কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁকে গাড়ি থেকে নামতে দেখেছেন। কুণ্ডেশ্বরীতে কয়জন পাকিস্তানি সেনা এসেছিল—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলতে পারবেন না। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনারা টাকা-পয়সা নিয়েছিল কি না, সে বিষয়ে খোঁজ করেননি।জেরায় গৌরাঙ্গ বলেন, স্বাধীনতার পর সত্য রঞ্জনের সঙ্গে সালাউদ্দিন কাদেরের ভালো সম্পর্ক দেখেছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফজলুল কাদের চৌধুরীকে তিনি চিনতেন। নূতন চন্দ্রের মৃত্যুর পর কুণ্ডেশ্বরী ঔষধালয় কে পরিচালনা করেন—এই প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ‘সেটি এখন চালান প্রফুল্ল।’ পরের একটি প্রশ্নে তিনি বলেন, সত্য রঞ্জনের স্ত্রী নমিতা সিংহ বর্তমানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের চেয়ারম্যান।মধ্যাহ্ন বিরতির পর জেরায় আহসানুল বলেন, কুণ্ডেশ্বরী মন্দির, এর ভবনগুলোতে অসংখ্য গুলির চিহ্ন ছিল। তবে সাক্ষী বলেন, তিনি শুধু কলেজে গুলির চিহ্ন দেখেছেন। জেরার শেষ দিকে আহসানুল মত (সাজেশন) দেন, নূতন চন্দ্রকে হত্যাকাণ্ডের দিন গৌরাঙ্গ সিংহ কুণ্ডেশ্বরীতে ছিলেন না। জবাবে সাক্ষী বলেন, সত্য নয়।বিকেলে জেরা শেষ হলে রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষীর জবানবন্দির জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়। নূতন চন্দ্রের ভাইয়ের ছেলে গৌরাঙ্গ।