মীর কাসেমের জামিনের বিষয়ে আদেশ কাল
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর জামিন আবেদনের বিষয়ে কাল মঙ্গলবার আদেশের দিন ধার্য করা হয়েছে।আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামিনের আবেদনের বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন।মামলার কার্যক্রমের শুরুতে সকাল ১০টার দিকে মীর কাসেমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ওকালতনামা দাখিলের পর জামিন আবেদনের শুনানি হয়।শুনানিতে আবদুর রাজ্জাক বলেন, মীর কাসেম বিভিন্ন রোগে আক্রান্ত। তাঁর বিরুদ্ধে এখনো তদন্ত শেষ হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম জামিনের বিরোধিতা করে বলেন, তিনি (মীর কাসেম) একজন প্রভাবশালী লোক। তাঁর হুমকির কারণে সাক্ষীরা তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিতে ভয় পাচ্ছেন।পরে ট্রাইব্যুনাল আদেশের জন্য কালকের দিন ধার্য করেন।মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গতকাল রোববার ট্রাইব্যুনাল-১ মীর কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বেলা আড়াইটায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বিকেল সোয়া চারটায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করে। পরে ট্রাইব্যুনালের নির্দেশে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।