মীর কাসেমের বিদেশে অর্থ পাঠানোর তথ্যের খোঁজ
জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলী বা আমেরিকাভিত্তিক কাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটের নামে কোনো অর্থ বিদেশে পাঠানো হয়ে থাকলে, তার তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ।গতকাল বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কোনো অর্থ বিদেশে পাঠানো হয়ে থাকলে তার তথ্য কেন্দ্রীয় ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আমেরিকার নিউইয়র্ক ও ওয়াশিংটনে কাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটের দুটি ঠিকানা দিয়ে সেখানে অথবা মীর কাসেম আলী বা তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিদেশে কোনো অর্থ পাঠানো হলে, সে তথ্য জানাতে বলা হয়েছে।২০১০ সালের এপ্রিলে সরকারের রাজস্ব বিভাগের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) কাসেম আলী ও তাঁর পরিবার এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান কেয়ারি লিমিটেড ও রাবেতা আল আলম আল ইসলামীর ব্যাংক হিসাব সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছিল।এ বিষয়ে মন্তব্য জানতে মীর কাসেম আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর একান্ত সচিব আবদুল কাদেরের সঙ্গে কথা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।হিসাব তলব: এদিকে ১৮ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিআইসি থেকে জেনারেল ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মমিনুল হক ও তাঁর স্ত্রী সারা মোমেনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। গতকাল ব্যাংকগুলোতে এ চিঠি এসে পৌঁছেছে বলে জানা গেছে।চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁদের তথ্য সিআইসিতে পাঠাতে নির্দেশ দিয়েছে এনবিআর। এতে ২০০৫-০৬ অর্থবছর থেকে ২০১০-১১ অর্থবছর পর্যন্ত ব্যাংকগুলোতে থাকা তাঁদের নামে সক্রিয়, সুপ্ত, বন্ধ হিসাব, সঞ্চয়পত্র, ভল্ট লকার, স্থায়ী আমানতসহ সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।