মীর কাসেমের বিরুদ্ধে ১৪ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠন এ রকম মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ পেয়েছে তদন্ত সংস্থা। তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ-সংবলিত তদন্ত প্রতিবেদন আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেওয়া হবে।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গতকাল সোমবার ধানমন্ডিতে তাদের ‘সেফ হোমের’ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানায়। মীর কাসেমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।ব্রিফিংয়ে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, ‘মুক্তিযুদ্ধকালে মীর কাসেমের নেতৃত্বে চট্টগ্রাম অঞ্চলে ছাত্রসংঘের নেতা-কর্মী ও অনুসারীদের নিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী আলবদর গঠিত হয়। একাত্তরের ১০ মে পাকিস্তানি সেনাবাহিনীর লে. কর্নেল আজম ও অপারেশন চিফ ফাতেমীকে নিয়ে মীর কাসেম চট্টগ্রামে ছাত্রসংঘের দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করেন। এরপর নৌবাহিনীর প্রধান কার্যালয়ের সেনাছাউনিতে সভা করেন এবং জুনের মাঝামাঝি তিনি চট্টগ্রামে আলবদরের একটি কোম্পানি গঠন করেন। গোটা জেলায় আলবদরের ৩৭টি প্লাটুন ছিল।’তদন্ত সংস্থা জানায়, মীর কাসেমের বক্তব্য ও প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ অনুসারে, চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্র থাকাকালে একাত্তরের ২৫ মার্চ পর্যন্ত তিনি কলেজ শাখা ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। এরপর তিনি চট্টগ্রাম শহর শাখা ছাত্রসংঘের সভাপতি হন, একাত্তরের ৬ নভেম্বর পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন। ৭ নভেম্বর তিনি পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সাধারণ সম্পাদক হন। তাঁর নেতৃত্বে ও পাকিস্তানি সেনাদের সহায়তায় আলবদর সদস্য এবং রাজাকাররা চট্টগ্রামের কোতোয়ালি থানার পুরোনো টেলিগ্রাফ অফিস হিল রোডের মহামায়া ডালিম হোটেল, আছদগঞ্জে মোহাম্মদ পাঞ্জাবির ভবন (চামড়ার গুদাম), পাঁচলাইশ থানার সালমা মঞ্জিল প্রভৃতি স্থানে নির্যাতন কেন্দ্র গড়ে তোলে। এসব নির্যাতন কেন্দ্রে বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের আটকে রেখে নির্যাতন করা হতো।ব্রিফিংয়ে জানানো হয়, ২০১০ সালের ২৬ জুলাই মীর কাসেমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ২০১২ সালের ১৭ জুন তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। ৯ মে ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য রয়েছে।তদন্ত সংস্থা জানায়, মীর কাসেমের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সঙ্গে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ও আনা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগী হিসেবে পত্রিকায় বক্তব্য-বিবৃতি দিয়ে স্বাধীনতাবিরোধীদের উৎসাহিত করেন। তিনি পাকিস্তানের প্রতি ইঞ্চি ভূমি রক্ষার জন্য সৈনিক হিসেবে যুবকদের প্রস্তুতি নেওয়ার এবং মুক্তিযোদ্ধাদের ‘দুষ্কৃতকারী’ আখ্যায়িত করে তাঁদের খতম করার আহ্বান জানান।তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগ তদন্তের জন্য ৩৩ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। ২০১ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সঙ্গে প্রায় সাড়ে আট হাজার পৃষ্ঠার বেশি নথিপত্র মঙ্গলবার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে দাখিল করা হবে।ছাত্রসংঘ ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবির নামে বাংলাদেশে রাজনীতি শুরু করে। মীর কাসেম ছিলেন ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৭৯ সালের ২৫ মে বাংলাদেশে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করলে তিনি জামায়াতে যোগ দেন। তাঁর উত্তরসূরি হন বর্তমানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান।তদন্ত সংস্থা জানায়, ১৯৮০ সালে মীর কাসেম রাবিতা আল-আলম আল-ইসলামি নামের একটি বিদেশি বেসরকারি সংস্থার এ দেশীয় পরিচালক হন। এ ছাড়া তিনি দিগন্ত মিডিয়া করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।