মীর কাসেমের বিরুদ্ধে ২৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে আজ রোববার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দেন।সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে মীর কাসেম আলীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও কিছু সময় দরকার। পরে ট্রাইব্যুনাল আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে মীর কাসেমের বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ দেন। তবে আদেশে আরও বলা হয়, ওই সময়ের মধ্যে তদন্ত শেষ করতে ব্যর্থ হলে আবারও তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।মীর কাসেমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।