মীর নাছিরের বিদেশ যাওয়াসংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে বিদেশে যেতে বাধা না দিতে সরকারের প্রতি হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন তা স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন আগামী রোববার পর্যন্ত আদেশটির কার্যকারিতা স্থগিত করেন। হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য সরকারের এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি এ আদেশ দেন। আদালতে মীর নাসির নিজে এবং সরকারপক্ষে এম কে রহমান মামলা পরিচালনা করেন।এর আগে ১৮ এপ্রিল মীর নাছিরকে বিদেশে যেতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে বিদেশে যেতে বাধা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না—সরকারের কাছে তাও জানতে চান আদালত।১৫ এপ্রিল বিদেশে যেতে চাইলে মীর নাছিরকে ঢাকা বিমানবন্দরে বাধা দেওয়া হয়। চিকিত্সা ও ওমরাহ পালনের জন্য তিনি বিদেশে যেতে চেয়েছিলেন বলে তাঁর ছেলে মীর হেলাল সাংবাদিকদের জানান।