মীর শওকত আলী আর নেই
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী লে. জেনারেল (অব.) মীর শওকত আলী বীর উত্তম আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।মীর শওকতের মৃত্যু সংবাদ শোনার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তাঁর বাসভবনে উপস্থিত হয়েছেন। মীর শওকতের মৃত্যুর খবর পেয়ে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রাতে মরহুমের গুলশানের বাসভবনে যান। তিনি সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করেন। এ সময় বিএনপির চেয়ারপারসন মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, ভাইস-চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।—বাসস