মীর শওকত মারা গেছেন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মীর শওকত আলী বীর উত্তম আর নেই। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।মৃত্যুকালে মীর শওকতের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গুলশান-২-এর ১১৩ নম্বর সড়কের ২৬ নম্বর মার্শালি গার্ডেনের নিজ বাসায় চেয়ারে বসা অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মীর শওকত। এ সময় বাসায় শুধু কাজের লোক মোহাম্মদ সোহেল ছাড়া আর কেউ ছিলেন না।মীর শওকতের মামাতো ভাই ফখরুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সোহেলকে তিনি শরীর খারাপ লাগার কথা বলেন। এ সময় সোহেল ওই ভবনেই বসবাসরত একজন চিকিৎসককে ডেকে আনেন। চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর পাশেই বসবাসরত মীর শওকতের ছোট বোন আফরীন মহিউদ্দিন এবং কলাবাগানে বসবাসরত আরেক ছোট বোন তাহসিন আরাকে খবর দেওয়া হয়। মীর শওকতের স্ত্রী তাহমিনা শওকত, বড় মেয়ে সিনথিয়া, মেজো মেয়ে সোনিয়া এবং ছোট মেয়ে তানিয়া লন্ডনপ্রবাসী। মীর শওকতের ছোট ভাইয়ের স্ত্রী সেগুফতা ইয়াসমিন জানান, আজ এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে বেলা সাড়ে তিনটায় তাঁরা ঢাকায় এসে পৌঁছাবেন। এই সময় পর্যন্ত মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে। গতকাল প্রয়াতের বাসভবনে মেয়র সাদেক হোসেন খোকা সাংবাদিকদের বলেন, মীর শওকতের মরদেহ কাল সোমবার সকাল সাড়ে ১০টায় পল্টনে বিএনপির কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। এরপর বনানীতে সেনাবাহিনীর কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হবে। মীর শওকতের মৃত্যুর খবর পেয়ে গত রাতে তাঁর বাসভবনে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি কিছুক্ষণ নীরবতা পালন করে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, ঢাকার মেয়র সাদেক হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।এ ছাড়া খালেদা জিয়া মীর শওকতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাণী দিয়েছেন। তিনি তাঁর শোকবাণীতে মীর শওকত আলীকে জাতির এক অকুতোভয় শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে বলেন, মীর শওকত আলীর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা জাতির সংকটকালে এক অপূরণীয় ক্ষতি। অপরদিকে গতকাল রাতেই সাবেক সেনাপ্রধান নূরউদ্দীন খান, এলডিপির চেয়ারম্যান অলি আহমদসহ মীর শওকতের সাবেক সহকর্মী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজন তাঁর গুলশানের বাসায় ভিড় করেন। সংক্ষিপ্ত জীবনী: ১৯৩৮ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকায় ৯ নম্বর আগা সাদেক রোডে জন্মগ্রহণ করেন মীর শওকত আলী। শিক্ষাজীবনে মীর শওকত পুরান ঢাকার মাহুতটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরমানীটোলা গভ. বয়েজ হাইস্কুল এবং ঢাকা কলেজ থেকে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং স্নাতক হন। ১৯৭১ সালে বেঙ্গল রেজিমেন্টে মেজর পদে কর্মরত থাকা অবস্থায় তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি মুক্তিযুদ্ধে ৫ নম্বর সেক্টরের অধিনায়ক ছিলেন। বীরত্বের সঙ্গে মুক্তিযুদ্ধ করে তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি ১৯৮১ সালে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যান। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কর্মজীবনেও জিয়াউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন মীর শওকত। অবসরে যাওয়ার পর অস্ট্রেলিয়া ও জার্মানিতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। পরে যোগ দেন বিএনপিতে। তিনি বিএনপি থেকে ১৯৯১ সালে ঢাকার লালবাগ থেকে সাংসদ নির্বাচিত হন এবং তৎকালীন সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন। তখন তিনি ঢাকা মহানগর বিএনপির সভাপতিও ছিলেন। ১৯৯৬ সালে তিনি ধানমন্ডি এলাকা থেকে সংসদ নির্বাচন করেন। তবে জয়লাভ করেননি। দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুক্ত থাকলেও গত কয়েক বছরে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির ঐক্য ও সরকার গঠন নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে এ দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে বিএনপির সহসভাপতির পদ ছাড়ার কথা জানিয়ে পদত্যাগপত্রও পাঠিয়েছিলেন তিনি। তবে তা অনুমোদন পায়নি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরামের আন্দোলনেও যোগ দেন মীর শওকত।মীর শওকতের মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গভীর শোক প্রকাশ করেছে।