মীরেরসরাইয়ে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩
চট্টগ্রামের মীরেরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শনিবার সকালে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। দুই শিশুসহ আহত হয়েছে আরও তিনজন। উপজেলার ধূমগড় ব্রিজের দক্ষিণ পাশে সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—প্রাইভেটকারের চালক মোহাম্মদ জালাল হোসাইন (২৫), গৃহকর্ত্রী কাজী বদরুন্নেসা (৩৫) ও কাজের মেয়ে খতিজা আক্তার (১৪)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে চট্টগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকামুখী প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জালাল হোসেন ও খতিজা আক্তারের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে কাজী বদরুন্নেসা মারা যান। গুরুতর আহত হন বদরুন্নেসার স্বামী কাজী নোমান ও তাঁদের আড়াই বছরের দুই যমজ ছেলে। কাজী নোমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর যমজ দুই ভাইকে মীরেরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে। মীরেরসরাই থানার উপপরিদর্শক (এসআই) নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে।