মুঈনুদ্দীন ও আশরাফ বাবাকে ধরে নিয়ে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দেওয়া শুরু করেছেন এই মামলায় রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী যুক্তরাষ্ট্রপ্রবাসী নূসরাত রাব্বী (৫০)। তিনি শহীদ চিকিৎসক ফজলে রাব্বীর বড় মেয়ে।জবানবন্দিতে নূসরাত রাব্বী বলেছেন, একাত্তরের ১৫ ডিসেম্বর মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান তাঁর বাবাকে ধরে নিয়ে যান। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নূসরাতের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।জবানবন্দিতে নূসরাত রাব্বী বলেন, তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি এই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য ৪ আগস্ট দেশে এসেছেন এবং ৮ আগস্ট কর্মস্থল যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন। তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁরা সপরিবারে ঢাকার সিদ্ধেশ্বরীতে জলপাইগুড়ি হাউসে থাকতেন। একাত্তরের ১৫ ডিসেম্বর বেলা তিনটার দিকে তাঁর বাবাকে আলবদর বাহিনীর সদস্যরা বাসা থেকে অপহরণ করে নিয়ে নির্মমভাবে হত্যা করেন। ১৮ ডিসেম্বর এক সাংবাদিক তাঁদের বাসায় ফোন করে রায়েরবাজারের বধ্যভূমিতে তাঁর বাবার লাশ পাওয়ার কথা জানান।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১৩ ডিসেম্বর সোমবার ওই আলবদর সদস্যরাই তাঁদের বাসায় এসে খোঁজখবর নিয়েছিলেন। সেদিন তিনি ও তাঁর মা ওই আগন্তুকদের দেখেছিলেন। তাঁদের দু-তিনজনের মুখে দাড়ি ছিল। সেদিন তাঁরা ওই আগন্তুকদের চিনতে পারেননি। ১৫ ডিসেম্বর বিকেলে আলবদর সদস্যরা তাঁদের বাসা ঘেরাও করেন। বাসার সামনে কাদামাখা একটি মাইক্রোবাস এসে থামে। ওই মাইক্রোবাসে তুলেই তাঁর বাবাকে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘পরবর্তী সময়ে পত্রপত্রিকার মাধ্যমে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের ছবি দেখে বুঝেছি, তারাই ১৩ ডিসেম্বর আমাদের বাসায় এসেছিল এবং ১৫ ডিসেম্বর আমার বাবাকে অপহরণ করে নিয়ে যায়।’জবানবন্দির এ পর্যায়ে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান জানান, কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. শাহিনুর ইসলামকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন। এ জন্য জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হলো।আলীমের বিরুদ্ধে মামলার কার্যক্রম ১২ আগস্ট পর্যন্ত মুলতবি: একই ট্রইব্যুনাল গতকাল বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম ১২ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন। গতকাল এই মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমানকে জেরার ধার্য দিনে ট্রাইব্যুনাল সময়স্বল্পতার কারণে এ দিন ধার্য করেন। তদন্ত কর্মকর্তাকে এ পর্যন্ত তিন দিন জেরা করেছে আসামিপক্ষ। তিনি গত ২৮ জুলাই ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়া শুরু করেন।