মুঈনুদ্দীন ও আশরাফের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি গতকাল রোববার শেষ হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ২৪ জুন দিন ধার্য করেছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।শুনানিকালে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমানকে মামলার বিষয়ে পড়াশোনা করে আসার পরামর্শ দেন।মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে দাখিল করা ১৬টি অভিযোগের বিষয়ে গতকাল শুনানি করেন সাহিদুর রহমান। প্রথম অভিযোগের বিষয়ে তিনি বলেন, একাত্তরের ১০ ডিসেম্বর দিবাগত রাতে আলবদর বাহিনীর অপারেশন ইনচার্জ চৌধুরী মুঈনুদ্দীন ও চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খানের নেতৃত্বে বাহিনীর সাত-আটজন অস্ত্রধারী চামেলীবাগের বাসা থেকে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের পর লাশ গুম করে।এ সময় ট্রাইব্যুনাল বলেন, এই ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে মামলায় একটি অভিযোগে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীনকে অপহরণ ও হত্যার কথা বলা আছে। ওই অভিযোগের কোথাও মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের উপস্থিত থাকার কথা বলা নেই। তা ছাড়া ওই মামলায় তাঁর ছেলে শাহীন রেজা নূর সাক্ষ্যে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের কথা বলেননি। এ সময় কৌঁসুলি বলেন, রাষ্ট্রপক্ষের কাছে এ-সংক্রান্ত সাক্ষ্য আছে।ট্রাইব্যুনাল বলেন, একই তদন্ত সংস্থা মামলার তদন্ত করল, একই রাষ্ট্রপক্ষের দল এই মামলাগুলোতে কাজ করছে। তাহলে দুটি মামলায় অভিযোগের মধ্যে পার্থক্য থাকবে কেন? ট্রাইব্যুনাল কৌঁসুলিকে বলেন, ‘আপনি মনে রাখবেন, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি মামলা পরিচালনা করছেন। প্রয়োজনে পড়াশোনা করে আসেন। এভাবে মামলা নষ্ট করবেন না। বোঝেন না, কথা বলেন কেন?’এরপর সাহিদুর রহমান শুনানিতে বলেন, সাংবাদিক শহীদুল্লা কায়সার, সৈয়দ নাজমুল হক, আ ন ম গোলাম মোস্তফা, নিজামউদ্দিন আহমদ, সেলিনা পারভীন, অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ, রশিদুল হাসান, আনোয়ার পাশা, সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, সিরাজুল হক খান, ডা. মোর্তুজা, আবুল খায়ের, ফয়জুল মহি, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরীদের মতো দেশের শ্রেষ্ঠ সন্তানদের অপহরণ, নির্যাতন ও হত্যার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান। নিহত ব্যক্তিদের স্বজন ও অন্যদের জবানবন্দিতে পাওয়া গেছে, একটি কাদামাখা গাড়িতে করে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। তাঁদের অনেকের লাশ বধ্যভূমিতে পাওয়া গেছে। কারও কারও লাশ গুম করে ফেলা হয়েছে।শুনানির শেষ পর্যায়ে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে বুদ্ধিজীবী অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগের বিষয়ে বলেন রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। শুনানিতে সাহিদুর রহমানকে বিভিন্ন সময়ে রাষ্ট্রপক্ষের দুই কৌঁসুলি রানা দাশগুপ্ত ও জেয়াদ-আল-মালুমের সহায়তা নিতে হয়।রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষে রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই অভিযোগ থেকে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে বলেন, অভিযোগের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা নেই। পরে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন।তদন্ত সংস্থার সূত্রমতে, মুঈনুদ্দীন বর্তমানে যুক্তরাজ্যে এবং আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন।