মুঈনুদ্দীন ও আশরাফের বিরুদ্ধে অভিযোগ তৈরি হয়নি ছয় মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর নেতা হিসেবে পরিচিত চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হয়েছে প্রায় ছয় মাস আগে। তদন্তে তাঁদের বিরুদ্ধে ১৮ জন বুদ্ধিজীবী হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। কিন্তু এখনো আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেনি রাষ্ট্রপক্ষ।রাষ্ট্রপক্ষ দাবি করেছে, অভিযোগ প্রস্তুত, শিগগিরই তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তবে বিচারসংশ্লিষ্ট ও বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন, এত দিনেও অভিযোগ দাখিল না করা রাষ্ট্রপক্ষের সমন্বয়হীনতা ও অদক্ষতা। কারণ, এর আগে অভিযোগগুলো দাখিল করা হয়েছে সর্বোচ্চ দু-আড়াই মাসের মধ্যে।ট্রাইব্যুনালে মানবতাবিরোধী প্রথম মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্ত শেষ করার ৪০ দিনের মধ্যে অভিযোগ দাখিল করা হয়েছিল। অন্য মামলাগুলোর ক্ষেত্রেও গড়ে এক থেকে দেড় মাসের মধ্যে অভিযোগ দাখিল করা হয়। গোলাম আযম, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে প্রথম দফা আনুষ্ঠানিক অভিযোগ ‘অবিন্যস্ত ও অগোছালো’ বলে ট্রাইব্যুনাল ফেরত দেন। তবে তাঁদের বিরুদ্ধে দুই দফায় অভিযোগ দাখিলেও সর্বোচ্চ দু-আড়াই মাস লেগেছিল।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে তদন্ত শুরু করে। গত বছরের ৯ অক্টোবর তদন্ত শেষ হয়। তদন্ত সংস্থা ১০ অক্টোবর তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি ও সংশ্লিষ্ট নথিপত্র রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয়। সে সময় রাষ্ট্রপক্ষ সাংবাদিকদের জানিয়েছিল, ৪৫ দিনের মধ্যে তারা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে পারবে। কিন্তু বাস্তবে এখনো তা দাখিল করা হয়নি।তদন্ত সংস্থার সূত্র জানায়, সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান গত বছরের ১০ অক্টোবর রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফকে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষী অভিন্ন, জব্দ করা আলামত ও দালিলিক প্রমাণও এক। এ জন্য তাঁদের বিরুদ্ধে অভিযোগ একীভূত করে যদি একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়, তবে সাক্ষীদের বারবার ট্রাইব্যুনালে যেতে হবে না, বিচারও দ্রুত সম্পন্ন হবে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ চার মাস নিজেরা আলোচনার পর ওই দুজনের বিরুদ্ধে একটি অভিযোগ দেওয়ার ব্যাপারে একমত হয়।তদন্ত সংস্থা ও রাষ্ট্রপক্ষের সূত্র জানায়, মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে পৃথক তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রাষ্ট্রপক্ষের দুজন কৌঁসুলিকে আনুষ্ঠানিক অভিযোগ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। এক মাস আগে তাঁদের পরিবর্তে আরেক কৌঁসুলি মো. সাহিদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।জানতে চাইলে সাহিদুর রহমান গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ চূড়ান্ত হয়ে গেছে, শিগগিরই দাখিল করা হবে।’রাষ্ট্রপক্ষের সূত্র জানায়, প্রথমে আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে পৃথক আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের চিন্তা চলছিল। কিন্তু তাঁদের বিরুদ্ধে অভিযোগ একই ধরনের হওয়ায় পরে একটি অভিযোগ তৈরি করা হয়। সে ক্ষেত্রে বুদ্ধিজীবী হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে একটি মামলা করা হবে, আসামি থাকবেন দুজন।তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক বলেন, এত দিনেও অভিযোগ দাখিল করতে না পারা দুঃখজনক। রাষ্ট্রপক্ষের আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল। জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির মঙ্গলবার বলেন, রাষ্ট্রপক্ষের অনেক কৌঁসুলির জবাবদিহিতে ঘাটতি আছে। তাঁদের বেশির ভাগ ব্যক্তিগত মামলা নিয়ে ব্যস্ত থাকেন, এ জন্য ট্রাইব্যুনালে সময় দিতে পারেন না। কৌঁসুলিরা কে কী কাজ করছেন, সে বিষয়েও যথাযথভাবে তত্ত্বাবধান করা হচ্ছে না।রাষ্ট্রপক্ষে বর্তমানে ২২ জন কৌঁসুলি আছেন। আর দুই ট্রাইব্যুনালে সাতটি মামলার কার্যক্রম চলছে। রায় ঘোষণা হয়েছে তিনটি মামলার। ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তাঁদের মধ্যে আবদুস সুবহান, এ টি এম আজহারুল ইসলাম ও মীর কাসেম আলী আটক রয়েছেন।তদন্ত সংস্থার সূত্র জানায়, একাত্তরের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী নিধনের যে নীলনকশা হয়েছিল, ঘাতক আলবদর বাহিনী তা বাস্তবায়ন করে। মুঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’ এবং আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’। তাঁদের বিরুদ্ধে যে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার অভিযোগ আনা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক, তিনজন চিকিৎসক ও ছয়জন সাংবাদিক। মুঈনুদ্দীন বর্তমানে যুক্তরাজ্যে মুসলিম এইড নামের একটি সংস্থার প্রধান। আশরাফুজ্জামান থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়ক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘গোলাম আযমসহ অন্য মামলাগুলোয় ব্যস্ততার জন্য আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করা যায়নি। আমি প্রধান সমন্বয়ক হিসেবে ৩০ জানুয়ারি যোগ দেওয়ার পর এ নিয়ে কয়েকটি সভা করেছি। আগামী সপ্তাহে অভিযোগ জমা দেওয়া যাবে।’