মুকেশ ও অনিল আম্বানির মতবিরোধ মিটে গেল
ভারতের শিল্পাঙ্গনে বিবাদমান দুই ভাই মুকেশ ও অনিল আম্বানি গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনে সব ধরনের বিবাদ মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের অন্ধ্রপ্রদেশের গোদাবেরির বিপুল গ্যাসসম্পদের উন্নয়নের কার্যাদেশ মুকেশ পেয়েছিলেন।এই বিপুল গ্যাসসম্পদ উন্নয়নের ব্যবসা-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এই দ্বন্দ্ব ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সুপ্রিম কোর্টের রায় যায় ছোট ভাই অনিল আম্বানির বিরুদ্ধে। গতকাল রোববার মুকেশ ও অনিল আম্বানি গোদাবেরি অঞ্চলের গ্যাসক্ষেত্র নিয়ে বিরোধের অবসান ঘটিয়ে নিজেদের সম্পর্কের উন্নয়ন ও এই বিশাল গ্যাসক্ষেত্রের ব্যবসা নিয়ে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন।এ ব্যাপারে ছোট ভাই অনিল আম্বানির শিল্প গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ২০০৬ সালে স্বাক্ষরিত অপ্রতিযোগিতামূলক চুক্তিগুলো বাতিল করা হলো। একটি নতুন ও সহজ অপ্রতিযোগিতামূলক চুক্তি করা হবে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এবং এ ব্যাপারে শিগগির আলাপ আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্যই চুক্তিটি করা হবে।একই ধরনের আরেকটি বিবৃতিতে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওপরের সিদ্ধান্তকেই সমর্থন করেছে।দুই গ্রুপের বিরোধ মিটে যাওয়ার ফলে অপ্রতিযোগিতামূলক চুক্তিগুলোর ব্যাখ্যা নিয়ে আইনগত ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকবে না।গত ৭ মে সুপ্রিম কোর্ট অনিল আম্বানির রিলায়েন্স ন্যাচারাল রিসোর্সেসের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন। অনিল আম্বানির কোম্পানি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে সস্তায় গ্যাস সরবরাহের জন্য আবেদন করেছিল ২০০৫ সালের একটি পারিবারিক চুক্তির অধীনে। সুপ্রিম কোর্ট তাঁর রায়ে বলেন, সরকার পুরো গ্যাসের মালিক এবং ব্যবহারকারীর কাছে এর দাম নির্ধারণ করার অধিকারও সরকারের। এ ছাড়াও ছয় সপ্তাহের মধ্যে উভয় কোম্পানিকে একটি সমঝোতায় পৌঁছতে নির্দেশ দিয়েছেন।