সশস্ত্র দুর্বৃত্তরা আফগানিস্তানে পাঁচ বাংলাদেশি নাগরিককে সাড়ে ছয় মাস ধরে জিম্মি করে রেখেছে। তাঁদের মুক্তির বিনিময়ে ‘মুজাহিদরা’ এক লাখ ডলার (প্রায় ৭৫ লাখ টাকা) মুক্তিপণ দাবি করছে। জিম্মিদের মুক্তির ব্যাপারে নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ও আফগান সরকারের ভূমিকায় তাঁদের স্বজনেরা হতাশা প্রকাশ করেছেন। যদিও নিয়োগকারী প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার সামহোয়ান করপোরেশন এবং বাংলাদেশ সরকার বলছে, তাঁদের মুক্ত করতে চেষ্টা অব্যাহত আছে।অপহরণকারীদের ধারণ করা একটি ভিডিওটেপ সম্প্রতি প্রথম আলো পেয়েছে। তাতে জিম্মিজীবনের মর্মস্পর্শী বর্ণনা দিয়ে পাঁচ বাংলাদেশি দ্রুত তাঁদের মুক্ত করার আকুতি জানিয়েছেন। জিম্মিরা যে জীবিত আছেন এবং টাকা দিলে তাঁদের মুক্তি দেওয়া হবে, তা জানাতেই অপহরণকারীরা ভিডিওচিত্রটি প্রচার করেছে বলে ধারণা করা হচ্ছে। জিম্মিদের বক্তব্যে জানা যায়, এর আগেও তিনবার তাঁদের এমন ভিডিওচিত্র ধারণ করেছে দুর্বৃত্তরা। ভিডিওচিত্রে দেখা যায়, জিম্মি বাংলাদেশিদের হাত-পা শিকলে বাঁধা। বক্তব্যে তাঁরা বলছেন, তাঁদের তিন বেলা রুটি খেতে দেওয়া হয়। রাখা হয়েছে একটি ছোট্ট কক্ষে। শুধু রাতে মলমূত্র ত্যাগের প্রয়োজনে বাইরে নেওয়া হয়। ভিডিওচিত্রে দেখা যায়, তাঁদের চেহারা উষ্কখুষ্ক, সবার মুখে দাড়ি। ২০১০ সালের ১৭ ডিসেম্বর রাত আটটার দিকে আফগানিস্তানের বাল্ক প্রদেশের মাজার-ই-শরিফ জেলার বাইবোগা থেকে সাত বাংলাদেশিকে অপহরণ করা হয়। আর অপহরণের সময়ই পাবনার আলতাফ নামের এক শ্রমিককে গুলি করে হত্যা করা হয়। বাংলাদেশ সরকারের উদ্যোগে তাঁর মরদেহ দেশে আনা হয়। আর মধ্যরাতে মুজিবর রহমান অসুস্থ হয়ে পড়লে তাঁকে ছেড়ে দেয় এবং প্রকৌশলী আবুল খায়েরকে অসুস্থ মুজিবরের কাছে রেখে যায়। জানা গেছে, আবুল খায়ের দেশে ফিরে এসে আবার অন্য দেশে গিয়ে চাকরি করছেন। আর মুজিবর রহমান এখন দেশে আছেন। জিম্মি পাঁচজন হলেন: টাঙ্গাইলের আমিনুল ইসলাম, শফিকুল আলম খোকন ও আবদুর রহমান লাভলু; চট্টগ্রামের পতেঙ্গা এলাকার ইমামউদ্দিন ও রাজশাহীর মাহবুব আলী। আমিনুল ও মাহবুব এক্সকাভেটরচালক (মাটি খননযন্ত্রের অপারেটর)। শফিকুল ও লাভলু সার্ভেয়ার (ভূমি জরিপকারক)। ইমামউদ্দিন গ্রেডার অপারেটর (মাটি সমান করা যন্ত্রের চালক)। তাঁদের মধ্যে শফিকুল ও আমিনুল চাচা-ভাতিজা। শফিকুলের ভাই এবং আমিনুলের চাচা এস এম আলমগীর আফগানিস্তানে সামহোয়ান করপোরেশনের একটি প্রকল্পের প্রকৌশলী। আফগানিস্তান থেকে টেলিফোনে এস এম আলমগীর প্রথম আলোকে জানান, টাকা ছাড়া অন্য কোনো উদ্যোগে আর কাজ হবে বলে মনে হয় না। নিয়োগদাতা এবং দুই দেশের সরকারের সঙ্গে অসংখ্যবার যোগাযোগ করা হয়েছে। সবাই বলছে চেষ্টা করার কথা। কিন্তু গত সাড়ে ছয় মাসে জিম্মিরা মুক্তি পাননি। জিম্মি থাকা টাঙ্গাইল সদর থানার গোসেরগাগরজান গ্রামের আবদুর রহমান লাভলুর স্ত্রী মোছাম্মৎ কণা আক্তার টেলিফোনে প্রথম আলোকে জানান, তিন সন্তান নিয়ে সাড়ে ছয় মাস ধরে লাভলুর জন্য অপেক্ষার প্রহর গুনছেন। সম্প্রতি টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি স্বামীসহ অন্যদের মুক্ত করে আনতে সামহোয়ান করপোরেশনসহ দুই দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন। ধৈর্য ধরার পরামর্শ প্রবাসীকল্যাণ মন্ত্রীর: প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, জিম্মিদের উদ্ধারে আফগান সরকারের ওপর নির্ভর করা ছাড়া উপায় নেই। তিনি আরও বলেন, সে দেশের সমাজকল্যাণমন্ত্রী ও গভর্নরের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা চেষ্টার ত্রুটি করছেন বলে মনে হয় না। মন্ত্রী বলেন, ‘যদি বিকল্প কেউ কিছু বলতে পারে, সরকার সেটা ভেবে দেখবে।’ ভিডিওচিত্র সম্পর্কে মোশাররফ হোসেন বলেন, ‘এটা সন্ত্রাসীদের টাকা আদায়ের কৌশল। আফগান সরকারের পক্ষ থেকে এই ফাঁদে পা না দেওয়ার অনুরোধ করা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বসে নেই। কিন্তু কী করছি, কতটা অগ্রগতি হয়েছে, সেটা কৌশলগত কারণে বলা যাবে না। আমরা জিম্মি নাগরিক ও তাঁদের পরিবারের প্রতি খুবই সহানুভূতিশীল।’তাঁরা বেঁচে আছেন: আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার দায়িত্বপ্রাপ্ত উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান গতকাল শনিবার টেলিফোনে প্রথম আলোকে জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত অপহূত ব্যক্তিরা জীবিত আছেন। তাঁরা কোন এলাকায় আছেন, সে সম্পর্কে আফগান সরকার অবগত। তাদের বক্তব্য হচ্ছে, অভিযান চালাতে গেলে জিম্মিদের ক্ষতি হতে পারে। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, অপহরণকারীরা শুধু মুক্তিপণ চাচ্ছে না, তাদের কয়েকটি দাবির মধ্যে রয়েছে: কোরিয়ান কোম্পানিকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করা।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণু বিভাগের মহাপরিচালক মাশফি বিনতে শামস সম্প্রতি প্রথম আলোকে বলেন, জিম্মিদের উদ্ধারে আফগান সরকারের পাশাপাশি দক্ষিণ কোরিয়া সরকারের সঙ্গে আলোচনা চলছে।উপায় মিলছে না: আফগানিস্তান পর্বত ও মরুভূমি-প্রধান দেশ। পাঁচ বাংলাদেশিকে দুর্বৃত্তরা নিয়ে গেছে পাহাড়-জঙ্গলের মধ্যে দুর্গম কোনো এলাকায়। সূত্রমতে, আফগান সরকার সেখানে সেনা অভিযান চালাতে চায়। কিন্তু তাতে জিম্মিদের জীবিত উদ্ধারে ঝুঁকি থাকে। আবার আফগান সরকার মুক্তিপণ দিয়ে তাঁদের মুক্ত করার বিপক্ষে। তাদের যুক্তি, এত টাকা পেলে সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ কিনবে। তারা অপহরণে উৎসাহ পাবে।উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসেও তিন বাংলাদেশিকে জিম্মি করেছিল সন্ত্রাসীরা। আফগান পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের মুক্ত করে, এ সময় একজন পুলিশসদস্য মারা যান।ভিডিওচিত্রে পাঁচজন: আট মিনিটের ভিডিওচিত্রটি গত ১৬ মার্চে ধারণ করা। ভিডিওচিত্রে পাঁচজনই কথা শুরু করেছেন মোহসীন নামে একজনকে সম্বোধন করে। সামহোয়ানের ঢাকার লিয়াজোঁ কার্যালয় জানায়, মোহসীন সামহোয়ান করপোরেশনের মাজার-ই-শরিফ কার্যালয়ের হিসাবরক্ষক। ‘আমাদের এরা শিকল দিয়ে বাইন্দে রাখছে। খাওয়া-দাওয়া খুব অসুবিধার মধ্যে, কম কম দেয়। আমাদের বাইরে নেয় শুধু রাত্রে। দিনের বেলায় কোনো বাইরে-টাইরে নেয় না।’ এভাবে দুর্ভোগের কথা জানালেন টাঙ্গাইলের কালিহাতীর আমিনুল ইসলাম। ভিডিওতে তিনি বলছেন, ‘অপহরণকারীরা আমাদের সঙ্গে কথা বলে না। মাঝেমধ্যে ছবি তুলে নেয়। আপনারা এখন যেভাবে পারেন, আমাদের মুক্ত করেন।’ চট্টগ্রামের পতেঙ্গা এলাকার ইমামউদ্দিন বলেন, ‘সারা দিনের ভেতরে একমাত্র রাতে পায়খানা করার জন্য বাইরে নেয়। দিনভর ছোট্ট একটি ঘরের মধ্যে আটকে রাখে। এর মধ্যে পায়খানা-পেসাব করতে হয়।’ তিনি বলেন, ‘মানুষের মতো মানুষ নেই, তিন মাসের মধ্যে একটা দিন গোসল করা হয়নি। আর কিছুদিন থাকলে বাঁচব কি না, এটা ওপরে আল্লাহ জানে, নিচে মাটি জানে।’ রাজশাহীর মো. মাহবুব আলী সশস্ত্র সন্ত্রাসীদের ‘মুজাহিদ’ বলে উল্লেখ করে বলেন, ‘মুজাহিদদের সাথে তাড়াতাড়ি মীমাংসা করেন। বর্তমানে আমাদের ওপর খুব অত্যাচার চলতেছে। এখন পর্যন্ত আমরা জীবিত আছি। এবার যদি আপনারা আমাদের মুক্ত না করেন, ফয়সালা না করেন, তারা হয়তো আমাদের আর জীবিত রাখবে না।’টাঙ্গাইলের মো. শফিউল আলম খোকন জানান, ‘খাওয়া-দাওয়া তেমন ভালো না। শুধু রাতে একবার কইরে বাইরে যাইতে পারি প্রস্রাব করার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব এদের সঙ্গে মীমাংসা করেন। আর বাঙালি ভাইদের কাছে আমার অনুরোধ, সবাই যেন আমাদের জন্য দোয়া করে, সাহায্য করে।’আবদুর রহমান লাভলুর বাড়ি টাঙ্গাইলে। তিনি বলেন, ‘আমাদের জানডা যাতে ভিক্ষা দেয়, সে জন্য সবাই সহযোগিতা করেন। আর কী বলব, কথা আর আসতিছে না এখন। খুব কষ্টে আছি; দেখতেছেন তো শিকল দিয়ে বাঁধা।’ সামহোয়ান করপোরেশনের বিরুদ্ধে অভিযোগ: আফগানিস্তানে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সামহোয়ান কর্তৃপক্ষের ভূমিকায় বাংলাদেশি কয়েকজন কর্মী অসন্তোষ প্রকাশ করেছেন। ওই প্রতিষ্ঠান জিম্মিদের উদ্ধার না করে আরও কর্মী নিচ্ছে বাংলাদেশ থেকে। অন্যদিকে কোরিয়ান নাগরিকদের জিম্মি করার দুই ঘণ্টার মধ্যে উদ্ধারের উদ্যোগ নিয়ে সফল হয় তারা। কয়েকজন অভিযোগ করেন, সামহোয়ান প্রবাসী আয় (রেমিট্যান্স) ব্যক্তিগত ফাইলে দেখতে দেয় না। কারণ, আফগানিস্তানে কর্মরত বাংলাদেশিদের বেতন হয় ঢাকায় সামহোয়ানের হিসাবে। তাও ডলারে নয়, টাকায়। শ্রমিকেরা জানান, প্রত্যেক শ্রমিক বছরে কমপক্ষে পাঁচ হাজার ডলার আয় করেন। তাঁদের এই আয় রেমিট্যান্স হিসাবে দেখানো যাচ্ছে না। আবার ডলারের বিপরীতে টাকা কম দেওয়া হচ্ছে।শ্রমিকদের এসব অভিযোগ অস্বীকার করেছে ঢাকায় সামহোয়ানের লিয়াজোঁ কার্যালয়। এই কার্যালয়ের প্রধান ছুটিতে বাংলাদেশের বাইরে আছেন। হিসাব ব্যবস্থাপক হুমায়ূন কবীর বলেন, চুক্তি অনুযায়ী কর্মীদের বেতন ঢাকা থেকে দেওয়া হয়। ডলারের বিপরীতে যখন টাকার যে হার থাকে, সেটাই দেওয়া হয়। অপহূত ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, অপহূতদের বিষয়টি কোরিয়ায় সামহোয়ানের প্রধান কার্যালয় এবং আফগান সরকার দেখছে। ফিরে আসছেন কর্মীরা: বছর কয়েক আগেও আফগানিস্তানে সামহোয়ানের অধীনে প্রায় ৭০০ বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। এখন এই সংখ্যা ১২০। প্রকল্প শেষ হওয়া একটি কারণ বলে দাবি তাঁদের। তবে এই অপহরণ ঘটনার পর প্রায় ১০০ শ্রমিক দেশে ফিরে এসেছেন। তাঁদের একজন সামহোয়ানের সাবেক হিসাবরক্ষক করিমউল্লাহ খান বলেন, জীবনের ঝুঁকি এবং নানামুখী হয়রানির কারণে তিনি দেশে ফিরে এসেছেন। চাকরিদাতা কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। তিনি জানান, বাংলাদেশি কর্মীদের আফগানিস্তানে পৌঁছার পর চুক্তি হয়। এটা দেশে হওয়া উচিত। তাহলে চুক্তির শর্ত আগে জেনে কর্মীরা যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু বিদেশে গিয়ে চোখ বন্ধ করে চুক্তিতে সই করা ছাড়া উপায় থাকে না। তিনি মনে করেন, বাংলাদেশি কর্মীদের বেতন ডলারে আসা উচিত, এতে একজন কর্মী রেমিট্যান্স উপার্জনকারী হিসেবে সরকারি সুবিধা পেতে পারেন। সূত্র জানায়, একদিকে বাঙালি কর্মীরা ফিরে আসছেন, অন্যদিকে সামহোয়ান বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে। তবে ঢাকার লিয়াজোঁ অফিসের হিসাব ব্যবস্থাপক হুমায়ূন কবীর বলেন, বাংলাদেশ থেকে এখন প্রকৌশলী ছাড়া অন্য জনবল নেওয়া হচ্ছে না।