একটু একটু করে বড় করে তোলেন মা-বাবা। কত ঝড়-ঝঞ্জা! কত শীত-গ্রীষ্ম, বর্ষা আগলে বড় করেন একদিনের তুলতুলে ছোট্ট পরনির্ভরশীল পুতুলসম একটি শিশুকে। তৈরি হয় আত্মনির্ভরশীলতা। একটু একটু করে তৈরি হতে থাকে বিশ্বাস ও চিন্তাচেতনার জগৎ। গড়ে ওঠে নিজস্ব ঔচিত্যবোধ। আমি কোনো গুরুত্বপূর্ণ কেউ নই। আমার কথা উদাহরণও নয়। তবু বিনীতভাবেই একটা কথা বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক চিন্তাচেতনার একজন মানুষ। সব সময় বলি, লাইফ ইজ বিউটিফুল। তার মানে কী? জীবন কি আসলে ফুল বিছানো পথ? তা কি কখনো হয়? হতে পারে? সবার জীবনেই কোনো না কোনো দুঃখের গল্প থাকে। আমার জীবনে একবার সত্যি সত্যি মনে হয়েছিল, ‘বেঁচে থাকা অসম্ভব।’ সেটা আমার বাবার মৃত্যুর পর। বাবা যখন ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা ক্রমশ আশা ছেড়ে দিয়ে কেমন একটা অদ্ভুত চোখে তাকাতে শুরু করলেন। আমি নিশ্চিত ছিলাম, বাবার কিছু একটা হয়ে গেলে আমি আর বেঁচে থাকব না। বাবাকে গ্রামের বাড়িতে কবর দিয়ে ঢাকায় ফিরলাম।...বৃষ্টি হচ্ছে...আমার বাবা বাইরে...মাটির নিচে...ভিজছেন। এই পৃথিবীতে এত এত মানুষ; কোথাও আমার প্রিয় বাবা নেই। বেঁচে থাকার আর কী থাকতে পারে। কিন্তু ঢাকায় ফিরে দরজা ঠেলে ঘরে ঢুকতেই মা যখন জড়িয়ে ধরলেন, তখন মনে হলো বেঁচে থাকতে হবে। এই নারী তো আমার চেয়েও অসহায়, বিপন্ন। চোখের পানি মুছে ছেলেমেয়ের জন্য খাবার বানাচ্ছেন। জীবন যে কী আমি সেদিন আরেকবার উপলব্ধি করলাম। হয়তো প্রথমবারই। এরপর আর আমার মরে যেতে ইচ্ছে করেনি। তাই বলে কষ্ট কি একটুও কমেছে? জীবন তো রাস্তায় কুড়িয়ে পাওয়া কোনো বস্তু নয় যে যখন খুশি তখনই তাকে ছুড়ে ফেলে দেওয়া যায়। এ জীবনের সঙ্গে জড়িয়ে আছে আরও অনেকের জীবন।আত্মহননে কার কী উপকার হয়। পত্রিকাওয়ালারা প্রথম পাতা থেকে ধীরে ধীরে শেষ পাতার একটুখানি অংশে জায়গা দেবে। সম্পাদকীয় কেউ পড়ল তো কেউ পড়লও না। ‘শিক্ষা দেওয়া?’ কাকে? যে ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের আওয়াজ দেয়, তাকে? সবিনয়ে বলা দরকার, এ থেকে আসলে ওরা কিছুই শেখে না। যে শেখে তার বোধটা আপনার থেকেই, পরিবার থেকেই গড়ে ওঠে। তাই বেঁচে থাকাটাই বড়। চলে যাওয়া নয়। ভিড়ের মধ্যে ফিসফিস করে অরুচিপূর্ণ কথার সঙ্গে কখনো কখনো ঘৃণ্য কোনো হাতও এড়ানো যায় না। কেউ রাগে-ক্ষোভে-দুঃখে গোপনে চোখের পানি ফেলে। কেউ ঘুরে দাঁড়ায়। কলার টেনে ধরে হয়তো চড়ও কষিয়ে দেয়। অনেক সময় এমন ঘৃণ্য মানুষগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করলেই কোত্থেকে সঙ্গে জুটে যায় আরও কয়েকজন। কিন্তু তাই বলে এত সহজে কেন হাল ছেড়ে দেওয়া? পৃথিবী ছেড়ে আমি চলে যাব। কিন্তু কীভাবে বাঁচবে আমার ছোট বোনটা?এসব ভাবতে ভাবতে ক্লাস টেনের ছাত্রী আমার বোন শুচিকে বলছিলাম, তোকে কখনো কেউ কিছু বলে নাকি রাস্তাঘাটে? কিছু আবার বলিস-টলিস না।সে বলে..., ‘দিদি, কিছু না বললে ওরা তো আরও সাহস পাবে। প্রতিবাদ করা তো উচিত। কি বলো?’নিজের ছোট বোনের কাছে কীভাবে স্বীকার করি, আমরা এখন যে শিক্ষা নিচ্ছি, তা হলো ‘গা বাঁচিয়ে চলার শিক্ষা’। শুধু বলতে হয়, ‘তবু সাবধানে চলো।’ তার পরও আশ্বস্ত হতে ভয়ে ভয়ে বলি, কেউ যদি তোমাকে বাজে কথা বলে, তুমি কী করবে?সে খুবই আত্মবিশ্বাস নিয়ে বলে, ‘ও রকম ফালতু কথাবার্তায় তো পাত্তা দেওয়ার দরকার নেই। তবে কেউ বেশি বাড়াবাড়ি করলে, তখন তো অন্তত ট্রাফিক পুলিশের কাছে গিয়ে বলা যায়। তাই না?’প্রশ্নটা শুনে মনে হলো, তাই তো। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির শাহবাগ কার্যালয়ের অপারেটর অশোক কুমার রায় বলছিলেন, ‘ট্রাফিক পুলিশের এটি দায়িত্ব না হলেও প্রাথমিকভাবে তাঁদের সহায়তা নেওয়া যেতে পারে।’আরও কয়েকজন কিশোরীর সঙ্গে কথা বলে মনে হলো, তারা চায় এমন কয়েকটি নম্বর প্রচার করা হোক, যেখানে ফোন করে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানো যাবে। শহরের বিভিন্ন জায়গায় কয়েকটি বুথও তো থাকতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের সেল থাকতে পারে। তবে সবার আগে বাড়ির লোকজনের মেয়েটিকে বোঝানো দরকার, তোমাকে কেউ বাজে মন্তব্য করলে এটা তোমার সমস্যা নয়। এটা ওদের সমস্যা। তুমি তোমার কাজ করবে। এই পৃথিবীতে এ ধরনের সমস্যা পেরিয়েই যেতে হবে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্রে—সর্বত্রই এ ধরনের হীন চরিত্রের লোক রয়েছে। তাদের সঙ্গে চলতে তাই মনটাকে আরও শক্ত করতে হবে। মাঝেমধ্যে ভাবি, একটি ছেলেকে তো এত সব অপমান সহ্য করতে হয় না। একটি মেয়েকে কেন করতে হবে। শুধু শারীরিক গঠনে ভিন্নতার জন্য? তাহলে মার্শাল আর্ট শেখো। ধারেকাছে কেউ ঘেঁষলেই ইয়া-হু...। মেয়েদের অসম্মান কোরো না, তাদের সঙ্গে এমন কোরো না, তাদের যথাযথ সম্মান করো—এসব বলে কিছু আদায় হবে না। অবলা থেকে নিজেকে শক্তিময়ী করে ভাবতে শেখো। নারী মানে বাঁকানো তরুলতা নয়। নারী মানে পৃথিবীতে মানুষের জীবনের ধারক ও বাহক। সন্তান ধারণে নারীর যে চ্যালেঞ্জ তা আর কে নেয়? সেই চ্যালেঞ্জ নিতে হবে প্রতিটি ক্ষেত্রে। একজন কী বলল না বলল তাতেই সব শেষ?একটা সময় ছিল, পাড়ার ছেলেরা মিলে নানা রকম সংগঠন করত। নিজেদের পাড়ার মেয়েদের নিজেরাই নিরাপত্তা দিত। যদি আজকের ছেলেরা পাড়ার বোন-বান্ধবীদের জন্য এগিয়ে না আসে তাহলে থোড়াই কেয়ার। মেয়েরা মিলেই পাড়ায় গড়ে তোলো ক্লাব-সংগঠন। এর মাধ্যমে প্রতিরোধ করো ইভ টিজিং। হয়তো আজ যারা মানববন্ধনে ইভ টিজিংয়ের প্রতিবাদ করে, তারাও একটু ভড়কে যাবে। ভাববে, দেখো আমরাই তো ওদের জন্য একটা কিছু করছি। তার পরও ওরা নিজেরাই সংগঠন করছে? ভাবুক। ভাবতে দাও। দেখবে শক্তিধরের জন্য পৃথিবীটা কত সুন্দর, কত আরামদায়ক! সেই সুখটুকু নেওয়ার পুরো অধিকার তোমার আছে হে নারী।