মুক্ত হচ্ছে বিজ্ঞানের ঐতিহাসিক কিছু দলিল
সতেরো শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারের অন্যতম হলো মানবদেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও একজনের দেহের রক্ত আরেকজনের দেহে স্থানান্তরের ব্যাপারে সম্যক ধারণা পাওয়ার মতো ঘটনা। কিংবা স্যার আইজ্যাক নিউটন যখন বললেন, সাদা আলো মূলত বিভিন্ন রঙের মিশ্রণ, তখন কম হইচই হয়নি তাবৎ বিশ্বের বিজ্ঞান মহলে। বিজ্ঞানের নানা বিষয় নিয়ে এমন মত, পাল্টা মত, বিশ্বাস-অবিশ্বাস আর অবিশ্বাস্য সব কথা যে শুধু শত বছর আগেই হতো না কিন্তু না, এমন ঘটনা এখনো ঘটছে। বিংশ শতাব্দীর আশির দশকেও স্টিফেন হকিংয়ের কৃষ্ণগহ্বর নিয়ে লেখা গবেষণা প্রবন্ধ নিয়ে কম কথা তো হয়নি! কয়েক শ বছর ধরে প্রকাশিত বিজ্ঞানের গবেষণাপত্রগুলোর সবই যে সঠিক ছিল তা কিন্তু নয়। এমন অনেক লেখা আছে, যেগুলো নিছক হাসির পাত্র হয়েছে পরবর্তী সময়ে। কিন্তু বিজ্ঞানের বিকাশে এসব ভুল আবিষ্কারগুলোর গুরুত্বও খাটো করে দেখার উপায় নেই। কারণ এগুলোই পরবর্তী সময়ে সঠিক পথ দেখিয়ে দিয়েছে বিজ্ঞানীদের। আসলে আজকে আমাদের এই আধুনিক সভ্যতা আর জানার সীমানার মূল ভিত্তি শত শত বছর ধরে জানা-অজানা বিজ্ঞানীদের ঠিক-বেঠিক আবিষ্কার আর গবেষণাপত্রগুলো। আবিষ্কারের সারকথা সবাই জানলেও বেশির ভাগ ক্ষেত্রেই মূল গবেষণাপত্রগুলো সর্বমহলে প্রকাশিত হয় না। মহামূল্যবান এমন কিছু গবেষণাপত্র সবার জন্য উন্মুক্ত হতে যাচ্ছে শিগগিরই। লন্ডনের রাজকীয় বিজ্ঞান সমিতির (রয়্যাল সোসাইটির) কাছে থাকা সাড়ে তিন শ বছর ধরে সংগ্রহ করা এমন ৬০ হাজারের মধ্য থেকে বাছাই করা ৬০টি গবেষণাপত্র ইন্টারনেটের মাধ্যমে সর্বসাধারণের জন্য প্রকাশিত হতে যাচ্ছে। পৃথিবীর অন্যতম পুরোনো ও সবচেয়ে বড় বিজ্ঞানসমাজ রয়্যাল সোসাইটির সাড়ে তিন শ বছর পূর্তি উপলক্ষে এগুলো প্রকাশ করা হচ্ছে।রয়্যাল সোসাইটির বর্তমান সভাপতি লর্ড রিস মহামূল্যবান এসব গবেষণাপত্রের উন্মোচনের ঘটনাকে গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক ও চমকপ্রদ বলে মন্তব্য করেন। এই গবেষণাপত্রগুলো শত শত বছর ধরে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম আর জ্ঞান সাধনার ফসল। বিজ্ঞানের বিকাশে এগুলোর গুরুত্ব যেমন আছে, তেমনি এগুলো এই প্রজন্মকেও গবেষণায় উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এসব আবিষ্কারের প্রতিটি কোনো না কোনো সময়ের বিপুল উত্তেজনা, স্বপ্ন আর সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তির সাক্ষী। ১৬৬০ সালে প্রতিষ্ঠিত হলেও রয়্যাল সোসাইটি মূলত সতেরো শতকের চল্লিশের দশক থেকে সারা পৃথিবীর বিজ্ঞানীদের চিন্তা, আবিষ্কার আর জ্ঞান বিনিময়ের তীর্থস্থান হিসেবে পরিচিত। ১৬৬০ সালের ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রয়্যাল সোসাইটি। বিজ্ঞানের হাজারো সমস্যা ও প্রশ্নের সমাধান খুঁজে দিয়েছে রয়্যাল সোসাইটি। বলা হয়ে থাকে, স্যার আইজ্যাক নিউটনের মতো বিজ্ঞানীর সৃষ্টি হয়েছে এখান থেকেই। ১৬৬৫ সাল থেকে রয়্যাল সোসাইটি নিয়মিতভাবে বিজ্ঞান গবেষণাপত্র প্রকাশ করে আসছে। বাছাই করা ৬০টি ঐতিহাসিক গবেষণাপত্রের মধ্যে থাকছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সেই ঝুঁকিপূর্ণ ঘুড়ি ওড়ানোর পরীক্ষণের কথাও। ১৭৫২ সালে আকাশে বিজলী চমকানো যে মূলত বিদ্যুতের একটি রূপ, সে কথার প্রমাণ করতে তিনি বিরাট ঘুড়িতে চড়ে বিজলীর কাছাকাছি যাওয়ার ঝুঁকিপূর্ণ পরামর্শ দেন। এ ঘটনার পেছনের নানা অপ্রকাশিত কথা জানা যাবে পুরো গবেষণাপত্রটি থেকে। শুধু সিরিয়াস বিষয় নয়, থাকবে মজার কিছু গবেষণাপত্রও। ১৭৭০ সালে লন্ডনে মোজার্ট নামে নয় বছর বয়সী এক শিশুর একটি গবেষণাপত্রও স্থান পেয়েছে বাছাই করা ৬০-এ। নিজের পাণ্ডিত্য যাচাই করতে মোজার্ট এই গবেষণা করে, যা সে সময় বেশ আলোচিত হয়।ধারণা করা হচ্ছে, ২০১০ সালের নভেম্বরে রয়্যাল সোসাইটির ৩৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠানের অংশ হিসেবে এই গবেষণাপত্রগুলো উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া সাড়ে তিন শ বছর পূর্তি উপলক্ষে নানামাত্রিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে তারা। এর মধ্যে থাকছে লন্ডনে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে নয় দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প উৎসবের বর্ণিল আয়োজন, যেখানে সারা পৃথিবীর হাজারো বিজ্ঞানী ও জ্ঞানসাধক একত্র হবেন। জাবেদ সুলতান