মুক্ত হলো ‘জারহেড’ ভালুক ছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লোরিডার ওরেশডেল শহরে ময়লা-আবর্জনার মধ্যে প্রতিদিন মা, ভাইবোনদের সঙ্গে খাবার খুঁজত ভালুক ছানাটি। কিছু দিন আগে আবর্জনার মধ্যে পড়ে থাকা একটি প্লাস্টিকের জারের প্রতি কৌতূহল দেখানোর ফলেই বিপত্তিটা বাধে। জারটি ভালুক ছানার মাথায় আটকে যায়। কোনোভাবেই সেই জারটি মাথা থেকে সরাতে না পেরে প্রায় ১০ দিন খাবার-পানিবিহীন অবস্থায় প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল সে। ফ্লোরিডার মানুষ বিপত্তিতে পড়া ভালুক ছানাটির দুঃখে সমব্যথি হয়ে তার নাম দিয়েছিল ‘জারহেড’।স্থানীয় এক অধিবাসী ভালুক ছানাটিকে এমন অসহায় অবস্থায় দেখতে পেয়ে প্রথম খবর দেন ফ্লোরিডার মৎস্য ও প্রাণী সংরক্ষণ সংস্থাকে (এফডব্লিউসি)। এফডব্লিউসির প্রাণিবিদেরা বাচ্চাটির মুখ থেকে জারটি খুলে ফেলতে বিভিন্ন স্থানে ফাঁদ পাতেন। কিন্তু কেন যেন সেই ফাঁদ বারবার এড়িয়ে যাচ্ছিল সে। এরপর প্রায় দুই দিন ভালুক ছানাটির কোনো খবর না পেয়ে এফডব্লিউসির প্রাণিবিদেরা ভাবছিল না খেতে পেয়ে হয়তো বাচ্চাটি মারা গেছে। কিন্তু গত শুক্রবার তাকে আবার দেখতে পান প্রাণিবিদেরা। তাঁরা ভালুক ছানার মাথা থেকে জারটি অপসারণ করে দেন। অবশ্য আরেকটি ছোট কাজ তাঁদের করতে হয়েছে। ভালুক ছানার মাকে ঘুমের ইনজেকশন দিয়ে অচেতন করতে হয়েছে। মা নাকি তার বাচ্চার ‘নিরাপত্তা বিঘ্নিত’ হওয়ার ব্যাপারে ছিল যথেষ্ট সতর্ক!এফডব্লিউসি ভালুক ছানার মায়ের ঘুম ভাঙার আগ পর্যন্ত তাকে এবং তার শাবককে নিবিড় পরিচর্যা দিয়ে গেছে। মায়ের ঘুম ভাঙলে শাবকসহ তাকে আবার ছেড়ে দেওয়া হয় অরণ্যে।এফডব্লিউসির একজন মুখপাত্র জানিয়েছেন, অবশেষে গল্পটির আনন্দময় সমাপ্তি হলো। তিনি আরও বলেন, বনভূমিতে মানুষের ফেলা ময়লা-অবর্জনার কারণে বন্য প্রাণীদের জীবন যে বিভিন্নভাবে বিপন্ন হচ্ছে, জারহেডের ঘটনাটি তার এক জ্বলন্ত উদাহরণ। বিবিসি অনলাইন।