মুক্ত হয়ে ওমানের উদ্দেশে যাত্রা করেছে জাহান মণি
‘কান্নায় আমাদের চোখের জল শুকিয়ে গেছে, এখন কোনো ভালো খবর থাকলে বলুন। আজ তো বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডের ক্রিকেট খেলা ছিল, বাংলাদেশ জিতেছে?’ সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ ‘এমভি জাহান মণি’র সর্বকনিষ্ঠ নাবিক শাহরিয়ার রাব্বী আজ সোমবার যখন মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁদের জাহাজ ওমানের সালালাহ বন্দর থেকে চার দিনের দূরত্বে ছিল। রাব্বী তাঁর মা বিলকিস রহমানের সঙ্গেও কথা বলেন। রাব্বী বলেন, ‘আগামী শুক্রবার জাহান মণি সালালাহ বন্দরে পৌঁছার কথা। এ বন্দরে না পৌঁছা পর্যন্ত পুরোপুরি মুক্তির স্বাদ পাচ্ছি না আমরা।’ ১০০ দিন পর সোমালিয়ার জলদস্যুরা আজ সোমবার সকালে এমভি জাহান মণিকে ছেড়ে দিয়েছে। এর আগে প্রায় দুই মাস ধরে ইঞ্জিন বন্ধ জাহাজ এমভি জাহান মণিতে জলদস্যুরা নতুন করে জ্বালানি তেল, খাবার ও পানি সরবরাহ করে। ওই জ্বালানি ও পানি দিয়ে মাত্র তিন-চার দিনের চাহিদা মেটানো যাবে। ওমানে নাবিকদের সামান্য বিশ্রাম ও চিকিত্সা দিয়ে আকাশপথে বাংলাদেশে আনা হবে। আগামী সোম-মঙ্গলবারের মধ্যে নাবিকেরা দেশে ফিরবেন। ইন্দোনেশিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে গত ৫ ডিসেম্বর বিকেলে আরব সাগরের ভারতীয় উপকূলে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। এরপর জাহাজমালিকের কাছে জলদস্যুরা মুক্তিপণ দাবি করে। প্রায় তিন মাস ধরে চলে মুক্তিপণের অঙ্ক নিয়ে দরকষাকষি।রাব্বীর মতো জাহাজের ক্যাপ্টেন ফরিদ আহমদ, দ্বিতীয় কর্মকর্তা জি এম নূর ই আলমসহ কয়েজন নাবিক মুঠোফোনে আজ দুপুর ও বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন। তাঁরা বন্দিদশার বিস্তারিত জানাতে রাজি হননি।নাবিকেরা বলেন, জাহাজের ২৬ জনই সুস্থ আছেন। তাঁরা জানান, জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের সঙ্গে সমঝোতা অনুযায়ী সোমবার সকাল সাড়ে সাতটার দিকে জাহাজ ছাড়ে জলদস্যুরা। গতকাল রোববার বিকেলে তারা মুক্তিপণের অর্থ পেয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত এ টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় জলদস্যুরা। একটি জেট বিমানে করে মুক্তিপণের অর্থ জলদস্যুদের স্পিডবোটে নামিয়ে দেওয়া হয়। তবে নাবিকদের কেউ মুক্তিপণের অর্থের পরিমাণ জানাতে রাজি হননি। সংবাদ সম্মেলন: এসআর শিপিংয়ের আগ্রাবাদের কার্যালয়ে দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাহান মণি মুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. শাহজাহান, মহাব্যবস্থাপক মেহেরুল করিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।দুটি দল যাচ্ছে: জাহান মণির নাবিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ থেকে দুটি দল ওমানে যাচ্ছে। এক দল যাবে গতকাল মঙ্গলবার বিকেলে এবং অন্যটি যাবে বুধবার। একটি দলে যাচ্ছেন জাহাজমালিক ও প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপকসহ কয়েকজন। অন্য দলে যাবেন ২৬ জন নাবিক। তাঁরা সালালাহ বন্দর থেকে এমভি জাহান মণি পরিচালনার দায়িত্ব নেবেন।