মুক্তচিন্তার মানুষ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমাদের সবে জীবন শুরু হয়েছে। সৎ কর্মের মধ্য দিয়ে এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। তবে খেয়াল রাখতে হবে, জীবন-তানপুরায় যেন ধুলো না জমে। এই ভালোই শেষ নয়। সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হলে নিজেকে সব দিক থেকেই যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনেরা এসব কথা বলেন। তাঁরা আরও বলেন, সমাজ বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। এ জন্য মুক্তচিন্তার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। প্রযুক্তিগত সব সুবিধা কাজে লাগিয়ে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে। প্রথম আলোর আয়োজনে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের সহযোগিতায় গতকাল রোববার সাতক্ষীরা, লালমনিরহাট ও হবিগঞ্জ—এই তিন জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সার্বিক সহযোগিতা দেন। অনুষ্ঠানের প্রচার-সহযোগী মাছরাঙা টেলিভিশন, এবিসি রেডিও এবং প্রথম আলো ডটকম। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: মুষলধারে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সকাল নয়টার আগেই জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন মুখর হয়ে ওঠে মেধাবীদের পদচারণে। সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এখানে জেলার সাত উপজেলার সাত শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। অনুষ্ঠানে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ এস জেড আতিক কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু নিজেকে নয়, দেশকেও আলোকিত করার দায়িত্ব নিতে হবে। এ জন্য এখন থেকেই নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে।’ দেশকে মায়ের মতোই সেবা করার আহ্বান জানান সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার দাশ। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, ‘নিজের নয়, সমষ্টির উন্নয়নের চিন্তা করতে হবে। দুর্নীতিকে “না” বলতে হবে।’ সমাজ বদলের অংশীদার হওয়ার পরামর্শ দেন সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. ইয়াহিয়া ইকবাল। সাতক্ষীরা সরকারি বিদ্যালয়ের শিক্ষক সমরেশ কুমার দাস বলেন, ‘ভালো ফল শুধু শিক্ষার্থীর একার কৃতিত্ব নয়, এই অর্জন শিক্ষক ও অভিভাবকদেরও।’প্রযুক্তিগত সুবিধা জ্ঞানকে সমৃদ্ধ করার কাজে লাগানোর পরামর্শ দেন কাজী সাইদুর রহমান। অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক সমরেশ কুমার দাসের হাতে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পদক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। পরে সাতক্ষীরা দীপালোক একাডেমির সহযোগিতায় বন্ধুসভার সদস্যরা সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন। কৃতী শিক্ষার্থীদের মধ্যে গান গেয়ে শোনায় শারমিন আক্তার, অপরাজিতা রায়চৌধুরী ও তামান্না রিফাত। এ ছাড়া ক্লোজআপ ওয়ান তারকা পলাশের গান শিক্ষার্থীদের মাতিয়ে তোলে। লালমনিরহাট: জেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে জেলার পাঁচ উপজেলার ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব। অনুষ্ঠানে শিক্ষার্থীরা দুই হাত উঁচিয়ে মাদক, যৌতুক, মুখস্থ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ইভ টিজিংকে ‘না’ বলে। পুরো আয়োজনের ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।আলোচনায় অংশ নিয়ে লালমনিরহাট সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ স্বপ্না জামান বলেন, ‘দেশের ক্ষতি হয় এমন কিছু কেউ কখনো করবে না।’ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক সাজেদ ফাতেমী বলেন, ‘মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা থাকতে হবে সব সময়।’ অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান সরকারের হাতে সমঞ্চাননা পদক তুলে দেন ভাষাসৈনিক কমরেড সামছুল হক।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা মোহামঞ্চদ আলী, লালমনিরহাট বন্ধুসভার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু মোক্তাদের প্রমুখ। অনুষ্ঠানে আরশীনগর বাংলাদেশের প্রতিষ্ঠাতা বাদশা আলমের পরিচালনায় সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন রেহানা খাতুন, শরিফা খাতুন, কৃতী শিক্ষার্থী নীলিমা রায় প্রমুখ। হবিগঞ্জ: জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান। অনুষ্ঠানে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা পর্বে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য বলেন, ‘ভালো-মন্দের পার্থক্য বুঝতে হবে। মন্দকে দূরে ঠেলে ভালোর সঙ্গে থাকতে হবে।’ কাজের মধ্য দিয়ে মহৎ অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহান আরা খাতুন। প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহীদ এজাজ বলেন, ‘এ অর্জনই শেষ নয়। জীবনে আরও বড় কিছু অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. নজমুল হক, বৃন্দাবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গফফার আহমেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সম্পাদক ত্রিলোক কান্তি চৌধুরী। অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা দেওয়া হয় হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়কে। পরে সাংস্কৃতিক আয়োজনে গান গেয়ে শোনান ক্লোজআপ ওয়ান শিল্পী কিশোর।