মুক্তবাণিজ্য এলাকা গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডি-৮-এর সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে মুক্তবাণিজ্য এলাকা গঠনে নিজেদের মতো করে কাজ করার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘ডি-৮-এর সদস্যরা একে অপরের সঙ্গে দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। দোহা রাউন্ড আলোচনার পর ডি-৮ মুক্তবাণিজ্য এলাকা গঠনে আমাদের জন্য কৌশল নির্ধারণ যথার্থই প্রয়োজনীয় হয়ে পড়েছে।’নাইজেরিয়ার রাজধানী আবুজায় গতকাল বৃহস্পতিবার উন্নয়নশীল আটটি মুসলিম দেশের সংস্থা ডি-৮-এর সপ্তম শীর্ষ সম্মেলনে ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সদস্যদেশগুলোর মধ্যে কার্যকর বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে শুল্ক ও আধাশুল্ক বাধা অপসারণের ওপর জোর দেন শেখ হাসিনা। খবর বাসস ও ইউএনবির।বাণিজ্যকে উন্নয়নের গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের প্রায় ১০০ কোটি মানুষের জন্য একটি সম্মিলিত বাজার থাকলেও বাণিজ্যের চিত্র হতাশাব্যঞ্জক। মান সমন্বয় ও মান পরীক্ষায় অভিন্ন পদ্ধতির অভাব ইত্যাদি কারণে এই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এসব কারণে শুল্ক ও আধাশুল্ক বাধা বৃদ্ধি পাচ্ছে এবং ডি-৮ দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ব্যাহত হচ্ছে।’নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক অ্যাবেলি জোনাথন স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় রাজধানীর আসোকোরায় স্টেট হাউস ব্যাংকুয়েট হলে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে জোনাথন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে কুয়ালালামপুর ঘোষণার প্রতি তাঁর দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেনএর আগে সংস্থার বিদায়ী সভাপতি মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী তানসিরি মুহিদ্দিন মোহাম্মদ ইয়াসিন ডি-৮ রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধির জন্য সদস্যদেশগুলোর সক্রিয় ভূমিকা কামনা করেন। এ লক্ষ্যে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে ডি-৮ দেশগুলো ২০১৮ সালের মধ্যে ১০ থেকে ১৫ শতাংশ আন্তবাণিজ্যের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ডি-৮ দেশগুলোর মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, অনেক দেশের বিশাল জ্বালানি উৎস রয়েছে, যা অন্যদের সাশ্রয়ী মূল্যে দেওয়া যেতে পারে। চাহিদা এবং সম্পদের বৈষম্য দূর করতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। এদিকে ২৪ দফা আবুজা ঘোষণা ২০১০ গ্রহণের মধ্য দিয়ে গতকাল সম্মেলন শেষ হয়েছে। ঘোষণায় ডি-৮ সদস্যদেশগুলোর মধ্যে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং অগ্রাধিকারমূলক চুক্তি অনুমোদন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর বাজারে প্রবেশাধিকারের ওপর জোর দেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, পরবর্তী ডি-৮ শীর্ষ সম্মেলন ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে।একই সঙ্গে সদস্যদেশগুলোর বেসরকারি খাতের প্রতি ডি-৮ সদস্যদেশগুলোর উদার বিনিয়োগ নীতি, দক্ষ জনশক্তি এবং কম খরচে বাণিজ্য করার সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে আবুজা ঘোষণায়।এতে গ্রুপের সব কর্মকাণ্ডে বেসরকারি খাতের সংশ্লিষ্টতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয় এবং ডি-৮ সদস্যদেশগুলোর মধ্যে বেসরকারি খাত পরিচালিত সহযোগিতা ও প্রবৃদ্ধি এগিয়ে নেওয়ার উপায় খুঁজে বের করার ওপর জোর দেওয়া হয়।ঘোষণায় বলা হয়, বেসরকারি খাতে এফডিআইকে উৎসাহিত করা, সুযোগ-সুবিধা দেওয়া এবং এগিয়ে নিতে সদস্যদেশগুলোকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এতে ইরানের ডি-৮ যৌথ বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠার প্রস্তাবসহ ডি-৮ বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠা এবং সদস্যদেশগুলোতে বিনিয়োগ সুবিধা চিহ্নিত করার ওপরও জোর দেওয়া হয়।ঘোষণা অনুযায়ী ডি-৮ সদস্যরা বেসরকারি খাত ও চেম্বার অব কমার্সের সঙ্গে বিনিয়োগ সুবিধার বিষয়ে তথ্য বিনিময় ও নিয়মিত আলাপ-আলোচনাকে উৎসাহিত করার বিষয়ে একমত পোষণ করে। ডি-৮ দেশগুলোর খাদ্যনিরাপত্তার ব্যাপারে কুয়ালালামপুর উদ্যোগকে ডি-৮ নেতারা অনুমোদন করেন। ঘোষণায় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নে জ্বালানির কৌশলগত ভূমিকার বিষয়টি স্বীকার করে এতে বিভিন্ন ধরনের সহযোগিতা বিস্তারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। উল্লেখ্য, ১৯৯৭ সালে আটটি উন্নয়নশীল মুসলিম দেশের সমন্বয়ে ডি-৮ গঠিত হয়। সদস্যদেশগুলো হচ্ছে—বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।