মুক্তমঞ্চের মাঠে গরু ছাগলের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরবাসীর একমাত্র বিনোদনের কেন্দ্র ‘যাঁদের রক্তে স্বাধীন এ দেশ’ মুক্তমঞ্চের মাঠ দখল করে গরু-ছাগলের হাট বসছে। এসব গবাদিপশুর দূষিত বর্জ্যে মঞ্চের সামনের ফাঁকা মাঠ ভরে থাকে সব সময়। নষ্ট হচ্ছে মঞ্চের পরিবেশ।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৫ সালের দিকে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে এ মুক্তমঞ্চটি তৈরি করে পৌর মেয়র মশিউর রহমান। এটি নির্মিত হওয়ায় গুরুদাসপুরের ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গন আবারও যেন জেগে উঠেছিল। কিন্তু পৌরবাসীর সেই সুখ সয়নি বেশি দিন।পৌর কর্তৃপক্ষ মুক্তমঞ্চের সামনের মাঠে প্রতি মঙ্গলবার গরু-ছাগলের হাট এবং শনিবার হাঁস-মুরগির হাটসহ স্থায়ীভাবে মুরগি বিক্রির বাজার বসায়। এতে এসব পশু-পাখির বিষ্ঠার দুর্গন্ধে মঞ্চে কোনো অনুষ্ঠান করার উপায় থাকে না। তা ছাড়া হাটে আসা মানুষের ফেলা নোংরা-আবর্জনায়ও মঞ্চে টেকা দায় হয়ে ওঠে। স্থানীয় সাংস্কৃতিক কর্মী মো. ইমাম হাসান জানান, পৌর কর্তৃপক্ষের উদাসীনতা আর সংস্কারের অভাবে মুক্তমঞ্চটি শ্রী হারাতে বসেছে। মঞ্চের বাইরের দেয়ালে গোবর, দেয়াল লিখন, পোস্টার সাঁটানো থাকে। আর চারপাশে পরে থাকে মুরগির খাঁচা, আবর্জনাসহ মানুষ ও পশু-পাখির বিষ্ঠা।স্থানীয় রোজী মোজাম্মেল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তুহিন আব্বাসী বলেন, পৌরসভার কল্যাণে শহরে একটি মুক্তমঞ্চ নির্মিত হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে নতুন আশা জেগেছিল। বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়মিতই হচ্ছিল। কিন্তু পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় মঞ্চটি এখন উপযোগিতা হারাচ্ছে। স্থানীয় স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি কার্তিক চন্দ্র দাস বলেন, শহরের প্রাণকেন্দ্রে মঞ্চটি নির্মাণ করার পর থেকে সারা বছরই সেখানে নানা ধরনের কর্মকাণ্ড চলত। কিন্তু মঞ্চের ভেতর ও বাইরের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় এখন আর কোনো অনুষ্ঠান করা যায় না। ফলে শহরে সাংস্কৃতিক চর্চাই ঝিমিয়ে পড়ছে।সাংস্কৃতিক কর্মী সোহাগ তালুকদার দাবি করেন, এলাকার সাংস্কৃতিক অঙ্গন টিকিয়ে রাখতে হাটগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হোক। একই সঙ্গে মুক্তমঞ্চের ভেতর ও বাইরে সংস্কারসহ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌর কর্তপক্ষের সহযোগিতা কামনা করেন সোহাগ।চাঁচকৈড় হাট পরিচালনা কমিটির পক্ষে শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, পৌর কর্তৃপক্ষ হাটের জন্য পৃথক জায়গা বরাদ্দ দিলেই সব সমস্যার সমাধান হবে। গুরুদাসপুর পৌর মেয়র মশিউর রহমান বলেন, মুক্তমঞ্চটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবারই। কিন্তু কিছু অসচেতন মানুষের জন্য এটি শ্রী হারাচ্ছে। তিনি দাবি করেন, পৌরসভার ভেতরে জায়গার অভাব থাকায় মঞ্চের সামনে হাট বসানো হচ্ছে। তবে শিগগিরই বিকল্প জায়গা খুঁজে হাটটি সরিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।