মুক্তাগাছায় প্রিসাইডিং অফিসারের তিন দিনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাটা ইউনিয়নে হানিফ মিয়া নামের এক প্রিসাইডিং অফিসারকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসাইন কারাদণ্ডের এই আদেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার প্রজেক্ট বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হানিফ মিয়াকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কান্দুলিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু গত রাতে তিনি স্থানীয় আওয়ামী লীগের এক নেতার সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং একই এলাকার একজন চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় তিনি ওই চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরছিলেন।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসাইন হানিফ মিয়াকে তিন দিনের কারাদণ্ডাদেশ দেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।উল্লেখ্য, মুক্তাগাছা উপজেলার কুমারগাটা ইউনিয়নে আজ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউএনবি।