মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৪
ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে মুক্তাগাছা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বাস-ভটভটি মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ চারজন নিহত ও একজন আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ভটভটিটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সড়কে ওই সময় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। নিহতেরা হলেন—নজরুল ইসলাম (৫০), রিনি আক্তার (১২), সেম্বুল ইসলাম (২৬) ও তাঁর স্ত্রী আসমা আক্তার। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালীরবাজার থেকে যাত্রী নিয়ে ভটভটিটি ওই স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে ভটভটিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটির পাঁচযাত্রী গুরুতর আহত হয়।এঁদের মধ্যে রিনি আক্তার, নজরুল ইসলামকে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেম্বুল ইসলাম ও তাঁর স্ত্রী আসমা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গুরুতর আহত হাবীবুর রহমান মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি ছলছে। নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।