মুক্তাঙ্গনে কাল থেকে ইসলামী আন্দোলনের গণ-অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি ও ফতোয়াবিরোধী হাইকোর্টের রায় বাতিলসহ চার দফা দাবিতে আগামীকাল রোববার ও পরদিন সোমবার ঢাকার মুক্তাঙ্গনে গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন চরমোনাইয়ের পীরের বড় ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মোছাদ্দেক বিল্লাহ আল মাদানি।মোছাদ্দেক বিল্লাহ বলেন, মুক্তাঙ্গনে গণ-অবস্থান কর্মসূচিতে বাধা দিলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীদের ঢাকায় আসতে বাধা দেওয়া হচ্ছে। অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু বাধা সত্ত্বেও কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আর সরকার যদি বাধা দেয়, তা হলে পরিণতি ভালো হবে না।সংবাদ সম্মেলনে দাবি কর হয়, প্রস্তাবিত নারীনীতির ২৯টি ধারা পবিত্র কোরআন-হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনূস আহমেদ, ঢাকা মহানগরের সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আবার হরতালের হুমকি আমিনীর: ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী আবার হরতাল ডাকার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ৬ মে খুলনা থেকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির বিভাগীয় সমাবেশ শুরু হবে। এসব সমাবেশের কোনোটিতে বাধা দিলে ২৯ মে হরতাল করা হবে। গতকাল দুপুরে রাজধানীর লালবাগে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আমিনী এই হুমকি দেন। এর আগে নারীনীতি ও ফতোয়াবিরোধী রায় বাতিলের দাবিতে ৪ এপ্রিল আমিনীর ডাকে হরতাল হয়েছিল। মুফতি আমিনীকে চট্টগ্রামে যেতে পুলিশ বাধা দিয়েছে—এ অভিযোগ তুলে গতকাল আমিনী এ সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘সরকার আমাদের সমাবেশে বাধা দিয়ে আবার হরতালের দিকে ঠেলে দিচ্ছে।’ গোয়েন্দা সংস্থার সাবেক দুই প্রধানকে রিমান্ডে নেওয়ার কথা উল্লেখ করে আমিনী বলেন, ‘এখন আমার পেছনেও কিছু গোয়েন্দা ঘুরছেন, আগামীতে আমরা ক্ষমতায় গেলে যে তাঁদের অবস্থাও এমন হবে না, তা কে বলবে।’ সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ নেজামী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।