মুক্তাঙ্গনে জামায়াতের সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ
রাজধানীর মুক্তাঙ্গনে গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। সেখান থেকে সংগঠনটির লালবাগ থানা শাখার আমিরসহ জামায়াত-শিবিরের ২৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিএমপি আইন, ১৯৭৬ অনুযায়ী সভা-সমাবেশ করতে হলে পুলিশের অনুমোদন নিতে হয়। কিন্তু জামায়াতের সমাবেশের কোনো অনুমতি ছিল না। অনুমোদনবিহীন সমাবেশ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তের কারণে জামায়াতের সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।পানি, বিদ্যুত্ ও গ্যাসের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি মিছিল-সমাবেশে যোগ দিতে গতকাল বেলা সাড়ে তিনটায় বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতা-কর্মীরা মুক্তাঙ্গনে জড়ো হতে শুরু করেন। পুলিশ প্রথমে সেখান থেকে আটজনকে আটক করলে সংগঠনের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।এরপর বিকেল চারটার দিকে জামায়াতের নেতা-কর্মীরা পল্টনে মিছিল বের করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। সেখান থেকে লালবাগ থানার জামায়াতের আমির রেজাউল করিমসহ নয়জনকে আটক করা হয়। এরপর আরও আটজন কর্মীকে আটক করা হয়।মুক্তাঙ্গনে সমাবেশ করতে না পেরে পুরানা পল্টনে সংগঠনের মহানগর কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াত। সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন, ‘সিটি করপোরেশনের অনুমতি নিয়েই মুক্তাঙ্গনে আমরা সমাবেশ ডেকেছিলাম। কিন্তু পুলিশ দিয়ে পিটিয়ে এবং সমাবেশে বাধা দিয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। পানি-সমস্যার জন্য কথা বলতে গেলে বাধা দেবেন কেন?’ মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান এবং এ টি এম আজহারুল ইসলাম বক্তৃতা করেন।