রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। তাতে বলা হয়, শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের দাবিতে কাল বৃহস্পতিবার মুক্তাঙ্গনে আহূত সমাবেশ যেকোনো মূল্যে করবে বিএনপি। এ ছাড়া মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৯ মে ঢাকার মুক্তাঙ্গনে বা পল্টনে সমাবেশ কর্মসূচি করতে না পারলে প্রয়োজনে বঙ্গভবনের সামনে করার ঘোষণা দেয় দলটি।সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এক মাস আগেই কর্মসূচি ঘোষিত হয়েছে। সমাবেশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়। অথচ ঢাকা মেট্রোপলিটন পুলিশ মুক্তাঙ্গনে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পুলিশ কমিশনার বলেছেন, মুক্তাঙ্গনে সমাবেশ করতে দেওয়া হবে না। এটা মানুষের মৌলিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ। বৃহস্পতিবার সমাবেশ করবই। এতে বাধা দেওয়া হলে তার দায় সরকারকে বহন করতে হবে।’ তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৯ মে ঢাকায় সমাবেশ হবে। পল্টন ময়দানে অনুমতি দেয়নি, মুক্তাঙ্গনে করব। সেখানেও না দিলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে। তাও না করতে দিলে মানিক মিয়া এভিনিউয়ে হবে। নইলে বঙ্গভবনের সামনে আমরা সমাবেশ করব।’মির্জা ফখরুল বলেন, বিএনপির যৌথ সভায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে থেকে ৯ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ মে আলোচনা সভা, ৩০ মে জিয়ার সমাধিতে ফুল দেওয়া ও রক্তদান কর্মসূচি, ৩০ ও ৩১ মে ঢাকা মহানগরে তবারক বিতরণ, ২ জুন সারা দেশে শোক মিছিল।মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লা, রুহুল কবির রিজভী, সংসদে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।