মুক্তাঙ্গনে বিএনপির সমাবেশ, মিছিল হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান ওরফে কোকোর নিঃশর্ত মুক্তি ও বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞার কারণে তা হয়নি। আজকের এ সমাবেশে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি।আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এহসানুল হক মিলন, ফজলুল হক মিলনসহ অন্যরা। খন্দকার মোশাররফ তাঁর বক্তব্যে বলেন, দেশ পরিচালনায় সরকার একেবারেই ব্যর্থ। নিজেদের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এ সরকার আরাফাত রহমানের প্যারোল বাতিলের পাঁয়তারা করছে। তিনি তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের খালেদা জিয়া ও তাঁর ছেলেদের নিয়ে করা একটি মন্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কুরুচিপূর্ণ। কোনো রাজনৈতিক নেতা অন্য নেতাদের সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন না।