ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তাঙ্গনের বিক্ষোভ কর্মসূচি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা মহানগর পুলিশ মুক্তাঙ্গনে নিষেধাজ্ঞা জারি করায় দলটি রাজধানীর মিরপুর, মালিবাগ, জুরাইনসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি করবে। আজ বৃহস্পতিবার দুপুরে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির প্রেসিডিয়াম সদস্য ফয়জুল করিম। সংবাদ সম্মেলনে ফয়জুল করিম বলেন, ‘আমরা যখনই কর্মসূচি দিচ্ছি তখনই পুলিশ বাধা সৃষ্টি করছে। মুক্তাঙ্গনের কর্মসূচিতে বারবার নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আমরা সরকারের এ স্বৈরাচারী মনোভাবের তীব্র নিন্দা জানাই। এভাবে কোনো আন্দোলন ঠেকিয়ে রাখা যায় না।’ ফয়জুল করিম ১২ মে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং চলতি মাসে প্রতিটি বিভাগে মহাসমাবেশ করার ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব ইউনুছ আহমেদ, ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েতউদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল কাইয়ুম প্রমুখ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীনীতি ও শিক্ষানীতি বাতিলসহ চার দফা দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। এসব দাবি মানা না হলে দলটি চলতি মাসে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবে জানানো হয়েছে।