মুক্তাঞ্চলে কলমে মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সাল। দেশে তখন স্বাধীন সংবাদপত্রের প্রকাশনা প্রায় অসম্ভব। ঠিক সেই মুহূর্তে মুজিবনগর ও মুক্তাঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মুক্তিযুদ্ধের সপক্ষে আত্মপ্রকাশ করে কয়েক ডজন নিয়মিত-অনিয়মিত পত্র-পত্রিকা ও সংবাদ সাময়িকী। এ সংবাদ সাময়িকীগুলো বাংলার মুক্তিকামী জনতার মুখপত্র হিসেবে মুক্তিযুদ্ধের খবরাখবর প্রচার করত। আর এর মাধ্যমে দেশের ভেতরে-বাইরে মুক্তিযুদ্ধের পক্ষে তীব্র জনমত গড়ে ওঠে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ওই পত্রিকা ও সংবাদ সাময়িকীগুলো পালন করেছিল কলমসৈনিকের ভূমিকা।এ সময় যেসব পত্র-পত্রিকা ও সংবাদ সাময়িকীর নাম শোনা যায়, তার মধ্যে অন্যতম দুটি দৈনিক হলো ‘দৈনিক জয়বাংলা’ ও ‘দৈনিক বাংলাদেশ’। সাপ্তাহিক পত্র-পত্রিকার মধ্যে ছিল ‘জয়বাংলা’, ‘দেশবাংলা’, ‘দুর্জয় বাংলা’, ‘শাশ্বত বাংলা’, ‘সংগ্রামী বাংলা’, ‘মুক্তবাংলা’, ‘নতুন বাংলা’, ‘স্বাধীন বাংলা’, ‘জাগ্রত বাংলা’, ‘সোনার বাংলা’, ‘সাপ্তাহিক বাংলা’, ‘বিপ্লবী বাংলাদেশ’, ‘প্রতিনিধি’, ‘স্বদেশ’, ‘বঙ্গবাণী’, ‘বাংলার মুখ’, ‘স্বরাজ’, ‘হাতিয়ার’, ‘অভিযান’, ‘একতা’, ‘দাবানল’, ‘অগ্রদূত’, ‘মুক্তি’, ‘রণাঙ্গন’, ‘আমার দেশ’, ‘জন্মভূমি’, ‘বাংলার বাণী’, ‘বিপ্লবী আন্দোলন’, ‘রাষ্ট্রদূত’, ‘সপ্তাহ’, ‘দি পিপল’, ‘দি নেশন’, ‘বাংলাদেশ’, ‘মুক্তিযুদ্ধ’, ‘কালান্তর’, ‘মায়ের ডাক’ প্রভৃতি। পাক্ষিক পত্রিকাগুলোর মধ্যে ছিল ‘অক্ষৌহিণী’, ‘চাবুক’, ‘স্বদেশ’ প্রভৃতি। এ ছাড়া আরও যেসব পত্র-পত্রিকার সন্ধান পাওয়া যায়, তার মধ্যে রয়েছে ‘রুদ্রবীণা’, ‘দর্পণ’, ‘আমোদ’, ‘জনতা’ প্রভৃতি।মুক্তাঞ্চল থেকে প্রকাশিত অধিকাংশ পত্র-পত্রিকা সময়ের অনুশাসন মেনে চলত না। ব্যক্তিগত উদ্যোগে প্রকাশিত পত্র-পত্রিকার ক্ষেত্রে এ কথা বিশেষভাবে প্রযোজ্য। অবরুদ্ধ এলাকা থেকে গোপনে প্রকাশিত পত্রিকাগুলোর ক্ষেত্রে যেমন ছিল না নিয়মের বালাই, তেমনি ছিল না মুদ্রণ-পারিপাট্যও। বিষয়গত বৈশিষ্ট্যে এসব পত্রিকার বেশির ভাগই স্বতন্ত্র কোনো একটি গোষ্ঠী বা মতাদর্শের অনুসারী হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরত। এসব পত্র-পত্রিকা ও সাময়িকীর পৃষ্ঠাসজ্জা ছিল অগোছাল। সংবাদ শিরোনাম ও সম্পাদকীয়র ভাষা ছিল বিক্ষুব্ধ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তাঞ্চল ও অবরুদ্ধ এলাকা থেকে প্রকাশিত কতিপয় পত্র-পত্রিকা ও সংবাদ সাময়িকীর ভূমিকা উল্লেখ করা হলো।দৈনিক জয়বাংলা১৯৭১ সালের ২৫ মার্চের পর বাংলাদেশের মুজিবনগর থেকে সর্বপ্রথম দৈনিক ‘জয়বাংলা’ প্রকাশিত হয়। এটিই ছিল মুজিবনগর থেকে প্রকাশিত একমাত্র দৈনিক। রহমতউল্লাহর সম্পাদনায় ১৯৭১ সালের ৩০ মার্চ পত্রিকাটি প্রকাশিত হয়। ১৯৭১ সালের ১১ এপ্রিল পত্রিকাটি বন্ধ হয়ে যায়। স্বল্প সময় টিকে থাকলেও মুক্তিযুদ্ধে পত্রিকাটি অসামান্য ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ৩১ মার্চ দৈনিক জয়বাংলার সম্পাদকীয়তে লেখা হয়, ‘বাংলার মুক্তিবাহিনী, পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবকদের সহিত সর্বপ্রকার সহযোগিতা করিবেন। মনে রাখিবেন হয় আমরা জয়ী হইব, নতুবা ধ্বংস হইব। মাঝা মাঝি আর কোন পথ নেই।’জয়বাংলা‘জয়বাংলা’ ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাপ্তাহিক মুখপত্র। মুজিবনগর সরকারের নিয়মিত রাজনৈতিক মুখপত্র হিসেবে ১৯৭১ সালের ১১ মে পত্রিকাটি আত্মপ্রকাশ করে। পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন আহমেদ রফিক। এর সঙ্গে আরও যুক্ত ছিলেন পটুয়া কামরুল হাসান, সাহিত্যিক জহির রায়হান, আবদুল গাফফার চৌধুরী, মহাদেব সাহা, আবুল মনজুর প্রমুখ। জয়বাংলার একটি সংখ্যায় পাতাজুড়ে ছাপা হয়েছিল ইয়াহিয়া খানের মুখের হিংস্র একটি ছবি। যার ক্যাপশন ছিল, ‘এই জানোয়ারটাকে হত্যা করতে হবে’। (মূলত সেটি ছিল পটুয়া কামরুল হাসানের একটি পোস্টার। সেখানে লেখা ছিল ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’। কিন্তু ওই পত্রিকায় ক্যাপশনটি এভাবে ছাপা হয়।)জয়বাংলার প্রথম বর্ষ, অষ্টম সংখ্যার সম্পাদকীয় শিরোনাম ছিল, ‘তোমরা তোমরা, আমরা আমরা’। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জয়বাংলার শিরোনাম করা হয়, ‘ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়’।’ রণাঙ্গনটাঙ্গাইল থেকে প্রকাশিত ‘রণাঙ্গন’ ছিল মুক্তিবাহিনীর সাপ্তাহিক মুখপত্র। টাঙ্গাইল জেলা মুক্তিফৌজের বেসামরিক সদর দপ্তর থেকে পত্রিকাটি প্রকাশিত হতো। এর প্রতিষ্ঠাতা ছিলেন আবদুল কাদের সিদ্দিকী। ‘রণদূত’ ছদ্মনামে পত্রিকাটির সম্পাদকের নাম প্রকাশিত হতো। বিভিন্ন রণাঙ্গনের খবর এবং কাদেরিয়া বাহিনীর বীরত্বের কথা এতে প্রাধান্য পেত। পত্রিকাটির প্রথম সংখ্যার সম্পাদকীয়তে লেখা হয়, ‘আমরা শান্তি চাই। কিন্তু কবরের শান্তি চাই না। এবার আমরা শান্তি প্রতিষ্ঠা করব—আঘাতের পর আঘাত হেনে দস্যু হানাদারদের খতম করব। জয়বাংলা।’বাংলার বাণীসাপ্তাহিক ‘বাংলার বাণী’ পত্রিকাটির প্রথম বর্ষ, প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৯৭০ সালের ১১ জানুয়ারি। ১৯৭১ সালের ১ সেপ্টেম্বর বাংলার বাণী পত্রিকাটি মুজিবনগর থেকে সম্পাদক কর্তৃক প্রকাশিত ও মুদ্রিত হতো। তখন এর সম্পাদক ছিলেন আমির হোসেন। পত্রিকাটিতে আবদুল গাফফার চৌধুরী ‘ঢাকা আমায় ডাকে’ শিরোনামে নিয়মিত কলাম লিখতেন। এ ছাড়া ‘রাজনৈতিক দিগন্তে’ শিরোনামে উপসম্পাদকীয় লিখতেন ‘যাত্রিক’ ছদ্মনামের লেখক। ১৯৭১ সালের ২১ সেপ্টেম্বর পত্রিকাটির চতুর্থ সংখ্যায় একটি সংবাদ শিরোনাম ছিল, ‘ইয়াহিয়ার মুখে লাথি মারিয়া বাঙালি কূটনীতিবিদদের আনুগত্য বদল অব্যাহত।’ দেশবাংলাসাপ্তাহিক ‘দেশবাংলা’ বাংলাদেশের জনযুদ্ধের মুখপত্র হিসেবে নিজেকে চিহ্নিত করেছিল। এর সম্পাদক ছিলেন ফেরদৌস আহমেদ কোরেশী। ১৯৭১ সালের ২৬ অক্টোবর পত্রিকাটির প্রথম বর্ষ, প্রথম সংখ্যা প্রকাশিত হয়। দীপক সেন কর্তৃক বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে পত্রিকাটি মুদ্রিত এবং অগ্নিশিখা প্রকাশনীর পক্ষে বিজয়নগর, ঢাকা থেকে প্রতি বৃহস্পতিবার এটি প্রকাশিত হতো। স্বাধীন বাংলামুক্তিযুদ্ধকালীন মুজিবনগর থেকে প্রকাশিত পত্র-পত্রিকার মধ্যে ‘স্বাধীন বাংলা’ ছিল অন্যতম। পত্রিকাটির প্রধান উদ্যোক্তা ছিলেন ওয়ালিউর বারী চৌধুরী ও খন্দকার শামসুল আলম দুদু। পত্রিকাটির চতুর্থ সংখ্যায় প্রকাশিত সংবাদ ও নিবন্ধের শিরোনামগুলো ছিল, ‘অজ্ঞাত যাত্রা’, ‘রক্তের প্রতিশোধ নিন’, ‘বাংলার সংগ্রামী জনতার প্রতি আহ্বান’, ‘জয় আমাদের হবেই’ প্রভৃতি।বাংলাদেশ সাপ্তাহিক ‘বাংলাদেশ’ পত্রিকাটি ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে প্রকাশিত হয়। পত্রিকার সম্পাদক ছিলেন আবুল হাসান চৌধুরী। পত্রিকাটিতে অধিকৃত বাংলার মানুষের সুখ-দুঃখের কাহিনি, মুক্তিযুদ্ধের বীরত্বগাথা, বঙ্গবন্ধুর চিন্তাধারা, মুক্তির সংগ্রামের গতি-প্রকৃতি, ঘটনা-প্রবাহ এবং রাজনৈতিক কথিকা-সংবলিত প্রবন্ধ ও সংবাদ নিখুঁতভাবে প্রকাশ করা হতো।বিপ্লবী বাংলাদেশবরিশাল থেকে প্রকাশিত এই সাপ্তাহিক সাময়িকীটিতে সাধারণত গেরিলা যুদ্ধের কলাকৌশল-বিষয়ক নিবন্ধ প্রচারিত হতো। এর সম্পাদক ছিলেন নূরুল আলম ফরিদ। পত্রিকাটির প্রথম বর্ষ, চতুর্থ সংখ্যার সম্পাদকীয় শিরোনাম ছিল, ‘জনযুদ্ধের শিক্ষা’। ১৯৭১ সালের ২১ নভেম্বর পত্রিকাটির ১৪তম সংখ্যায় শিরোনাম ছিল, ‘রক্তমত্ত বাংলাদেশ—ঈদের চাঁদ রক্তের সমুদ্রে। এবারের ঈদ রক্ত তিলক শপথের দিন’।জাগ্রত বাংলা‘জাগ্রত বাংলা’ ছিল মুক্তিফৌজের সাপ্তাহিক মুখপত্র। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯৭১ সালের ১ জুন। এর সম্পাদক ছিলেন বাঙালি (ছদ্মনাম)। পত্রিকাটি ময়মনসিংহ জেলা ও উত্তর ঢাকার বেসামরিক দপ্তর আজাদনগর থেকে প্রকাশিত ও প্রচারিত হতো। সাইক্লোস্টাইলে প্রকাশিত এ পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন হাফিজউদ্দিন আহমেদ।নতুন বাংলা‘নতুন বাংলা’ ছিল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাপ্তাহিক মুখপত্র। অধ্যাপক মোজাফফর আহমেদের সম্পাদনায় পত্রিকাটি মুজিবনগর থেকে ১৯ সংখ্যা পর্যন্ত প্রকাশিত হয়। ১৯৭১ সালের ১৯ জুলাই পত্রিকাটির প্রথম বর্ষ, প্রথম সংখ্যা প্রকাশিত হয়। নতুন বাংলা সাপ্তাহিকটিতে মুক্তিযুদ্ধের বিভিন্ন খবরাখবর পরিবেশন করা ছাড়াও স্বাধীনতা সংগ্রামের সাফল্যের অনুকূলে সরকারের পরামর্শদাতা কমিটির কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হতো।সাপ্তাহিক বাংলা‘সাপ্তাহিক বাংলা’ পত্রিকাটি নিজেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করেছিল। এর সম্পাদক ছিলেন মাইকেল দত্ত। মুজিবনগর ও সিলেট থেকে পত্রিকাটি একযোগে প্রকাশিত হতো। সশস্ত্র যুদ্ধের পাশাপাশি পত্রিকাটি সঠিক কূটনৈতিক তত্পরতার ওপর গুরুত্ব দিয়েছিল।মুক্তিযুদ্ধ১৯৭১ সালের ৭ জুলাই সাপ্তাহিক ‘মুক্তিযুদ্ধ’ পত্রিকাটি প্রকাশিত হয়। এটি ছিল কমিউনিস্ট পার্টির সাপ্তাহিক মুখপত্র। পত্রিকাটি মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মুজিবনগর সরকারের পরামর্শদাতা কমিটির দৃঢ় সমর্থক ছিল। ১৯৭১ সালের ৩ অক্টোবর পত্রিকাটিতে বলা হয়, ‘আমার দ্ব্যর্থহীন কণ্ঠে সকল মহলকে এ কথা জানাইয়া দিতে চাই যে, বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি ব্যতীত অন্য কোন প্রকার সমাধান দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হইবে না।’ দাবানল সাপ্তাহিক দাবানলের পরিচিতিমূলক স্লোগান ছিল, ‘মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতার মুখপত্র।’ এর সম্পাদক ছিলেন জিনাত আলী। দাবানলের প্রথম বর্ষ, ষষ্ঠ সংখ্যার সম্পাদকীয়র শিরোনাম ছিল, ‘আরও জোরে আঘাত হানো।’ অভিযানসাপ্তাহিক ‘অভিযান’-এর সম্পাদক ছিলেন সিকানদার আবু জাফর। ১৯৭১ সালের ১৮ নভেম্বর পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। ১৯৭১ সালের ২৫ নভেম্বর সংখ্যায় বলা হয়, ‘হানাদার পাকিস্তানিরা আমাদের অসহায় প্রিয় পরিজনদের কাপুরুষের মত হত্যা করেছে। সাত কোটি বাঙ্গাঁলী মুক্তিযোদ্ধা চলুন আমরা প্রত্যেকটি ঘাতকের টুটি ছিঁড়ে ফেলি।’স্বদেশ১৯৭১ সালের ১৬ জুন সাপ্তাহিক ‘স্বদেশ’ প্রথম প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন গোলাম সাবদার সিদ্দিক। পত্রিকাটির প্রথম বর্ষ, প্রথম সংখ্যার সম্পাদকীয় শিরোনাম ছিল, ‘আমাদের লক্ষ্য মৃত্যু অথবা জয়লাভ।’ ১৪ জুলাই পত্রিকাটিতে বলা হয়, ‘আমেরিকা তোমার পতাকার তারাগুলো যেন বুলেটের মত।’মুক্তবাংলাবাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সিলেটবাসীদের সাপ্তাহিক মুখপত্র হিসেবে এ পত্রিকাটি প্রকাশিত হয়। আসামের করিমগঞ্জ থেকে পত্রিকাটি প্রকাশিত হতো। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭১ সালের ২০ সেপ্টেম্বর। এর সম্পাদক ছিলেন আবুল হাসনাত সাহাদাত খান। পত্রিকাটির ১৯৭১ সালের ৪ অক্টোবর সংখ্যায় প্রকাশিত এক ব্যাখ্যামূলক প্রতিবেদনে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের শক্তির তুলনা করে লেখা হয়, ‘বাংলাদেশের লোক সংখ্যা সাড়ে সাত কোটি। আর বাংলাদেশে পাকিস্তানি সৈন্য রয়েছে ৫০ হাজার। কাজেই প্রত্যেকটা পাকিস্তানি সৈন্যকে একা ১৫ হাজার বাঙালির সঙ্গে যুদ্ধ করতে হবে। তা কি সম্ভব?’বাংলার মুখ‘বাংলার মুখ’-এর সম্পাদক ছিলেন ছিদ্দিকুর রহমান আশরাফী। এই সংবাদ সাময়িকীটি প্রথম প্রকাশিত হয় ১৯৭১ সালের ১৩ আগস্ট। ১৯৭১ সালের ২৭ আগস্ট পত্রিকাটিতে প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়, ‘জাতিসংঘ নামে বিশ্বের বুকে একটি আন্তর্জাতিক বিশ্ব সংগঠনের অস্তিত্ব আছে—এ কথা সংগ্রামী বাংলার মানুষ আজ আর বিশ্বাস করতে চায় না...।’অগ্রদূত‘অগ্রদূত’ ছিল স্বাধীনবাংলার মুক্তাঞ্চলের সাপ্তাহিক মুখপত্র। আগস্ট মাসে রংপুরের রৌমারীর মুক্তাঞ্চল থেকে পত্রিকাটি প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন আজিজুল হক। পত্রিকাটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ওই অঞ্চলের মুক্তিফৌজের অধিনায়ক জে. রহমান নামের উল্লেখ রয়েছে। ধারণা করা হয়, তিনি ছিলেন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান।বঙ্গবাণী‘বঙ্গবাণী’ পত্রিকাটি স্বাধীনবাংলার সাপ্তাহিক মুখপত্র হিসেবে পরিচয় প্রকাশ করেছিল। নওগাঁ থেকে মুদ্রিত পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯৭১ সালের মে মাসে। এর সম্পাদক ছিলেন কে. এম. হোসেন। বঙ্গবাণী পত্রিকার প্রথম বর্ষ, চতুর্থ সংখ্যায় একটি সংবাদ শিরোনাম ছিল, ‘বিচারের বাণী...কাঁদে।’সোনার বাংলা‘সোনার বাংলা’ পত্রিকাটি মুক্তিবাহিনীর সাপ্তাহিক মুখপত্র হিসেবে প্রকাশিত হতো। পত্রিকাটির সম্পাদনার দায়িত্বে ছিলেন সরকার কবীর খান। পত্রিকাটির প্রথম বর্ষ, চতুর্থ সংখ্যার সংবাদ শিরোনাম ছিল, ‘টেকনাফ হতে তেঁতুলিয়া মুক্তিবাহিনী জয়মাল্য নিয়ে এগিয়ে চলছে।’দি পিপল১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তান সামরিক বাহিনী দৈনিক ‘দি পিপল’-এর অফিস পুড়িয়ে দেয়। এরপর পত্রিকাটির সম্পাদক আবিদুর রহমান মুজিবনগর থেকে ১৯৭১ সালের মে মাসে সাপ্তাহিক হিসেবে দি পিপল প্রকাশ করেন। বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তির সংগ্রামের খবর পৌঁছে দেওয়া এবং বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত সংগঠনে অসামান্য ভূমিকা পালন করে দি পিপল। Bangladeshএটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিশন এবং বহির্বিশ্বে প্রচার দপ্তর কর্তৃক মুজিবনগর থেকে প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯৭১ সালের জুনে। পত্রিকাটি বহির্বিশ্বে স্বাধীনতা যুদ্ধের ডাক জোরালোভাবে তুলে ধরতে সক্ষম হয়েছিল। দেশপ্রেমের চেতনাকে ধারণ করে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তাঞ্চল এবং অবরুদ্ধ অঞ্চল থেকে প্রকাশিত এসব পত্র-পত্রিকা ও সংবাদ সাময়িকী শুধু আমাদের স্বাধীনতাযুদ্ধের বিজয়কেই ত্বরান্বিত করেনি, বাঙালি জাতির মুক্তির সংগ্রামের চরম মুহূর্তগুলোকেও তুলে ধরেছে। তথ্যসূত্র :হাসান হাফিজুর রহমান (সম্পাদিত); বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র।সুব্রত শঙ্কর ধর, (১৯৮৫); বাংলাদেশের সংবাদপত্র; বাংলা একাডেমী; ঢাকা।জুলফিকার হায়দার, (২০১০); বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকতা; নবযুগ প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।নিরীক্ষা; সংখ্যা-৭৬, (জুলাই-আগস্ট, ১৯৯৬) ও সংখ্যা-১৫৩, (ডিসেম্বর, ২০০৬)।