মুক্তি পাচ্ছে জাহান মণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি জাহাজ মণি কাল রোববার রাতে কিংবা সোমবার সকালের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে অপহরণের তিন মাসেরও বেশি সময় পর মুক্তি পাচ্ছেন ওই জাহাজের ২৫ নাবিক ও এক কর্মকর্তার স্ত্রী।ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. মুস্তাফা কামাল আজ শনিবার সন্ধ্যায় তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে জাহাজটির মালিক প্রতিষ্ঠান ব্রেভওয়াল শিপিংয়ের মহাব্যবস্থাপক মেহেরুল করিম জানান, জলদস্যুদের কবল থেকে মুক্তির পর বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা শেষে মুক্তির ১০-১২ দিন পর জিম্মি ২৬ জন দেশে ফিরবেন। কত টাকা মুক্তিপণ হিসেবে দেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন। তবে তিনি জানান, এরই মধ্যে জলদস্যুদের হাতে মুক্তিপণের টাকা পৌঁছে দেওয়ার যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। প্রসঙ্গত, জাহাজটিতে ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠানের জন্য কেনা প্রায় ৪০ হাজার মেট্রিক টন খনিজ আকরিক রয়েছে। গ্রিস থেকে এই আকরিক নিয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার পথে এমভি জাহান মণি গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগরের ভারতীয় লাক্ষা দ্বীপের কাছ থেকে অপহূত হয়েছিল। এরপর জলদস্যুরা এটি সোমালিয়ায় নিয়ে যায়। সেখানে পৌঁছার পরই তারা জাহাজের মালিকের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৯০ লাখ মার্কিন ডলার দাবি করে। দুই মাস ধরে জাহাজের মালিক ও জলদস্যুদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ৪২ লাখ মার্কিন ডলার মুক্তিপণে জাহাজটি ছেড়ে দিতে রাজি হয় জলদস্যুরা।