মুক্তি পেয়েও ১৯ বছর কারাগারে
ভারতের কানপুরের ধুলো-ময়লায় ভরা জীর্ণ কুটিরের দরজায় দাঁড়িয়ে এক তরুণ থলে থেকে উজ্জ্বল হলুদ রঙের একটা শাড়ি মায়ের হাতে দিয়ে বললেন, ‘দেখো তো মা, পছন্দ হয়?’ বৃদ্ধ মায়ের চোখে খুশির ঝিলিক।দৃশ্যটা খুব সাধারণ মনে হতে পারে অনেকের কাছে। কিন্তু এই গল্পের কুশীলবদের কাছে ঘটনাটি অসাধারণ, অতুলনীয়। মায়ের হাতে একটা উপহার তুলে দিতে কাহ্ন নামের এই তরুণকে অপেক্ষা করতে হয়েছে ১৯ বছর।বিবিসিতে প্রকাশিত এক খবরে জানা যায়, ১৯ বছর আগে কাহ্নর মা বিজয়কুমারীকে হত্যাকাণ্ডের অভিযোগে কারাগারে যেতে হয়েছিল। পরে জানা যায়, ওই অভিযোগ ছিল মিথ্যা। আদালতে আবেদন করে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। কিন্তু জামিনের জন্য প্রয়োজন ছিল ১০ হাজার রুপি। কে দেবে এত টাকা? সে সময় বিজয়কুমারীর স্বামী তাঁকে ছেড়ে চলে যান! স্বজনেরাও এড়িয়ে চলেন।‘ভেবেছিলাম কারাগারেই মরতে হবে। জেলের ভেতর অন্যরা ভয় দেখাত। বলত, একবার ঢুকলে এই কারাগার থেকে বের হওয়ার আর পথ খুঁজে পাওয়া যাবে না।’জানা গেল, বিজয়কুমারী যখন কারাগারে যান, তখন তিনি অন্তঃসত্ত্বা। ঠিক চার মাস পর জন্ম নেয় ছেলে কাহ্ন। বিজয়কুমারী বলেন, ‘ও একটু বড় হতেই আমি জেল থেকে পাঠিয়ে দিই। আমার বুকটা ভেঙে যাচ্ছিল ছেলেকে পাঠিয়ে দিতে, কিন্তু আমি অনড় থাকলাম। কারাগার তো শিশুদের জায়গা নয়!’ এই নারী একরকম হারিয়েই গিয়েছিলেন। আইন আইনের মতো চলে। বিজয়কুমারীর দিনও কাটতে থাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। সম্বল বলতে ছেলের একটা পাসপোর্ট আকৃতির ছবি, আর অপেক্ষা ছেলেকে দেখার। তিন মাস পর পর কাহ্ন মাকে দেখার অনুমতি পেয়েছিলেন।কাহ্নর দিন কাটে কেঁদে কেঁদেছেলেবেলাটা কাহ্নর কেটেছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। কিন্তু কাহ্ন মাকে ভুলে যাননি। অস্ফুট গলায় কাহ্ন বলেন, ‘আমি মায়ের কথা ভাবতাম আর কাঁদতাম। মা-টা আমার কারাগারে একলা পড়ে আছে। কেউ খোঁজ নেয় না। বাবা সব ভুলে কেমন চলে গেল।’কাহ্নর বয়স ১৮ পেরোতেই একটা পোশাক কারখানায় চাকরি নেন । তারপর তিল তিল করে পয়সা জমাতে শুরু করেন।একদিন একজন আইনজীবীও খুঁজে নেন। আইনজীবী তাঁর মুখে ঘটনা শুনে অবাক হয়ে গেলেন। এ মাসের গোড়ার দিকে তাঁর চেষ্টায় মুক্তি পান বিজয়কুমারী।বিচারকেরা বিজয়কে শুধু মুক্তি দেননি, পাশাপাশি সমালোচনা করেছেন কর্তৃপক্ষের এমন নির্বিকার আচরণের জন্য।বিজয়ের মতো আর কেউ এমন আটকা পড়ে আছেন কি না, দেখার নির্দেশ দিয়েছেন তাঁরা।ভারতের কারাগারগুলোয় আটক আছে তিন লাখ মানুষ। এর মধ্যে ৭০ শতাংশের বিচার শেষ হয়নি।