মুক্তি পেলেন অ্যানি
বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুরের কারাগার পার্ট-২ থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।কারাগার সূত্রে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় গত রোববার হাইকোর্ট শহীদ উদ্দিন চৌধুরীসহ পাঁচ সাংসদকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন। গতকাল সোমবার এম কে আনোয়ার, মাহবুবউদ্দিন খোকন, অলি আহমদ ও আন্দালিব রহমান মুক্তি পান। কিন্তু ধানমন্ডি থানায় ২০১১ সালে করা এক মামলায় অ্যানির বিরুদ্ধে হাজিরা পরোয়ানা থাকায় জামিন পাওয়ার পরও অ্যানিকে মুক্তি দেওয়া হয়নি। আজ দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ওই মামলার হাজিরা পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন। ওই আদেশের কাগজ বিকেলে কারাগারে পৌঁছালে তাঁকে মুক্তি দেওয়া হয়।কাশিমপুর কারাগার পার্ট-২-এর কারারক্ষক সুভাষ চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।