মুক্তি পেলেন আরেক ইতালীয় পর্যটক
ভারতে মাওবাদীদের হাতে প্রায় এক মাস আটক থাকার পর মুক্তি পেয়েছেন ইতালিয়ান পর্যটক পাওলো বোসুসকো। গত ১৪ মার্চ ওডিশা রাজ্যের আদিবাসী এক এলাকা থেকে ৫৪ বছর বয়সী পাওলো এবং ৬১ বছর বয়সী ক্লাইদিয়ো কোলেংয়েলোকে অপহরণ করে মাওবাদীরা। পরে ২৫ মার্চ কোলেংয়েলোকে ছেড়ে দেওয়া হয়।এসব মুক্তির শর্ত কী ছিল, তা জানা যায়নি। তবে গত মঙ্গলবার মাওবাদী নেতা সব্যসাচী পান্ডের স্ত্রীকে মুক্তি দেয় দেশটির একটি আদালত। কারাগারে আটক মাওবাদী বিদ্রোহীদের মধ্যে তিনিও একজন ছিলেন। মাওবাদীরা অনেক দিন ধরেই এসব বন্দীর মুক্তি দাবি করে আসছে। রাজ্যের সরকারের একজন আইনপ্রণেতা (এমএলএ) ঝিনা হিকাকাকে গত ২৩ মার্চ মাওবাদীদের একটি গোষ্ঠী অপহরণ করে। সরকার এবং মাওবাদীদের মধ্য মধ্যস্থতাকারী দান্দাপানি মোহান্তি বিবিসিকে জানান, বোসুসকোকে তাঁর হাতে তুলে দিয়েছেন মাওবাদীরা। এখান তাঁরা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের পথে রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুক্তির পর বোসুসকো টেলিফোনে ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই-কে বলেন, ‘অবশেষে আমি মুক্তি পেয়েছি। সবকিছু ঠিকঠাক আছে।’ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত কর্তৃপক্ষ বোসুসকোর মুক্তির বিষয়টি তাদের জানিয়েছে।