মুক্তি পেলেন ইসরায়েলি সেনা গিলাদ শালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের বেশি সময় আটক রাখার পর ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে (২৫) মুক্তি দিয়েছে গাজার শাসকগোষ্ঠী হামাস। আজ মঙ্গলবার মিসরের কর্মকর্তাদের কাছে শালিতকে হস্তান্তর করা হয়। হামাসের সামরিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে। তবে মিসর ও ইসরায়েলের কর্মকর্তারা তাত্ক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এ বন্দিবিনিময় প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে মিসর। বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী, মিসর এখন শালিতকে ইসরায়েলের কাছে হস্তান্তর করবে। আর একই সময়ে ইসরায়েল ৪৭৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে।ইসরায়েল শালিতকে মুক্তি দেওয়ার বিনিময়ে আজ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। রয়টার্স জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বন্দিবিনিময় প্রক্রিয়া আজ ভোরে শুরু হয়। প্রথম দফায় ৪৭৭ ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলের কারাগার থেকে বাসে করে গাজা সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে। শালিতের মুক্তির বিনিময়ে সেখানে তাঁদেরকে মুক্তি দেওয়া হবে।আজকের বন্দিবিনিময় কার্যক্রম শেষ করতে কয়েক ঘণ্টা লাগবে। ২০০৬ সালে শালিতকে হামাসের সদস্যরা অপহরণ করে। ২০০৯ সালে তাঁর ভিডিওচিত্র প্রকাশ করে হামাস।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে ফিলিস্তিনি বন্দীদের নিয়ে বিশাল কঠোর নিরাপত্তাপরিবেষ্ঠিত একটি গাড়িবহর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেব কারাগার থেকে রওনা দেয়। এই কারাগারে ফিলিস্তিনি বন্দীদের অধিকাংশই আটক রয়েছেন। একই সময়ে আজ ইসরায়েলের কেন্দ্রস্থলের আরেকটি কারাগার থেকে নারী বন্দীদের ছোট একটি দল গাজা সীমান্তের দিকে রওনা হয়েছে। আজ অধিকাংশ বন্দীকে মিসর-গাজা সীমান্তের কেরেম শালম ক্রসিং এলাকায় ছেড়ে দেওয়া হবে। বাকিদের মুক্তি দেওয়া হবে পশ্চিম তীরে।চুক্তি অনুযায়ী, দুই মাসের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৫৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের।মুক্তি পাওয়ার পর শালিতকে ইসরায়েলের কেন্দ্রস্থলের একটি বিমান ঘাঁটিতে নিয়ে আসা হবে। সেখানে তাঁকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুভেচ্ছা জানাবেন। পরিবারের সঙ্গে মিলিত হওয়ার পর তিনি বিমানে করে উত্তরাঞ্চলে নিজ শহরে যাবেন।