মুক্তি পেলেন ফখরুল, ফুল নিলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পেয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের হয়ে আসেন। কারাগার থেকে তার জামিনের কাগজপত্র হাসপাতালে পৌঁছালে তিনি মুক্তি পান।বার্তা সংস্থা ইউএনবি জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামসহ দলীয় নেতা-কর্মীরা হাসপাতালের সামনে মির্জা ফখরুলকে স্বাগত জানান। নেতা-কর্মীরা ফখরুলকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি তা নিতে অস্বীকার করে বলেন, ‘না, এখন ফুল নয়; দেশ এখন বিপর্যকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।’ এখান থেকে তিনি সরাসরি তাঁর বাসভবনে যান।গত ২৪ এপ্রিল মির্জা ফখরুল ইসলামকে কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গতকাল রোববার পৃথক পাঁচ মামলায় মির্জা ফখরুলের ছয় মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এসব মামলায় জামিনের ফলে মির্জা ফখরুলের মুক্তি পেতে আইনি কোনো বাধা নেই বলে গতকাল তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন।আদালত সূত্র জানায়, গত ২ মার্চ রাজধানীতে ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রমনা, পল্টন ও শাহজাহানপুর থানায় পুলিশের করা পাঁচটি মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয়। তিনি এসব মামলায় ১০ মার্চ উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে অন্য নেতাদের সঙ্গে ফখরুলকেও কারাগারে পাঠানো হয়। এরপর তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।