মুক্তি পেলেন সাবেক তিন আইজিপিসহ ৫ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক তিন মহাপরিদর্শকসহ (আইজিপি) পাঁচ কর্মকর্তা আজ মঙ্গলবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে এ মামলার আরেক আসামি সিআইডির সাবেক সহকারী পুলিশ সুপার আবদুর রশীদ অন্য একটি মামলায় কারাগারে বন্দী আছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল সোমবার পুলিশের সাবেক তিন মহাপরিদর্শকসহ (আইজিপি) ছয় কর্মকর্তার জামিন-সংক্রান্ত আদালতের আদেশ তাঁদের হাতে আসে। এসবের পরীক্ষা-নিরীক্ষা ও প্রক্রিয়া সম্পন্ন করে আজ বেলা সোয়া একটার দিকে পাঁচজনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে জোট সরকারের আমলে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুর রশীদ অন্য একটি মামলায় কারাগারে বন্দী আছেন। কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক আইজিপি আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখস চৌধুরী এবং জোট সরকার আমলের তদন্ত কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান ও তদন্ত-তদারক কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার রহুল আমিন। এর আগে স্বজনেরা কারাফটকে অপেক্ষা করেন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলা হয়। এতে দলের ২২ জন নেতা-কর্মী নিহত হন।