মুক্তি পেয়েই নিষ্ঠুরতার বিচার চাইলেন কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের হাতে নির্যাতিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল কাদের তিনটি মামলাতেই জামিন পেয়ে আজ বুধবার মুক্তি পেয়েছেন।সন্ধ্যা ছয়টা আট মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে বেরিয়েই তাঁর ওপর নিষ্ঠুরতার বিচার চাইলেন কাদের। তিনি সাংবাদিকদের বললেন, ‘আমি নির্দোষ। যারা আমার মতো অসহায়ের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে, তাদের বিচার চাই। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী পুলিশ অফিসারদের শাস্তি দেওয়া হয়।’ এ সময় কাদের তাঁকে গ্রেপ্তার ও নির্যাতনের বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের ছাত্র আবদুল কাদেরকে গত ১৫ জুলাই রাতে খিলগাঁও থানার পুলিশ গ্রেপ্তার করে। এরপর অন্য এক ব্যক্তিসহ তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগ ও অস্ত্র আইনে দুটি মামলা করে পুলিশ। এ ছাড়া মোহাম্মদপুর থানায় আগের একটি গাড়ি ছিনতাই মামলাও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।এরপর ২৬ জুলাই কাদেরের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর ২৮ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে কাদেরের নির্যাতনের ঘটনা তদন্তের নির্দেশ দেন। তদন্তকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপপরিদর্শক (এসআই) আলম বাদশা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হাইকোর্ট কাদেরকে বিএসএমএমইউতে সরকারি খরচে চিকিত্সা করানোর নির্দেশ দেন। এরপর ওই দিনই বিএসএমএমইউয়ের প্রিজন সেলে কাদেরকে ভর্তি করা হয়।তিন মামলায় জামিন: আজ অস্ত্র ও ডাকাতির মামলায়ও আবদুল কাদের জামিন পান। এর আগে গত সোমবার গাড়ি ছিনতাইয়ের মামলায় তিনি জামিন পান।আজ অস্ত্র ও ডাকাতির মামলায় জামিনের বিষয়ে শুনানি শেষে আদালত ১০ হাজার টাকার মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় কাদেরকে জামিনে মুক্তির আদেশ দেন। আদালতে কাদেরের পক্ষে জামিনে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু ও মঞ্জুর আলম।মঞ্জুর আলম জানান, অস্ত্র ও ডাকাতির মামলায় জামিন পাওয়ায় এখন কাদেরের মুক্তি পেতে আর কোনো বাধা নেই।মুক্তির পর আবারও হাসপাতালে ভর্তি: আজ বিকেল পাঁচটার দিকে জামিননামাটি আদালত থেকে কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। এরপর কারা তত্ত্বাবধায়ক পার্থ গোপাল বণিক ও কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম আনুষ্ঠানিকতা শেষে জামিননামাসহ প্রয়োজনীয় কাগজপত্র কারা উপাধ্যক্ষ আবু মুসার মাধ্যমে হাসপাতালের প্রিজন সেলে পাঠান। সেখানে পাঁচটা ৫৪ মিনিটে কাদেরকে তাঁর মায়ের কাছে হস্তান্তর করা হয়। এরপর আবু মুসা প্রিজন সেলের ফটকে এসে সাংবাদিকদের বলেন, কাদের এখন মুক্ত। কিন্তু কাদের চাচ্ছেন, এখানে চিকিত্সা শেষ করে যাবেন। তাঁর আরও চিকিত্সার দরকার আছে কি না, সে সিদ্ধান্ত চিকিত্সকেরা দেবেন। সে ক্ষেত্রে তাঁকে অন্য ওয়ার্ডে ভর্তি হতে হবে।এরপর সন্ধ্যা ছয়টা আট মিনিটে মা ও এক কারারক্ষীর কাঁধে ভর করে কাদের বেরিয়ে আসেন। এ সময় তাঁর বাঁ পায়ে ব্যান্ডেজ দেখা যায়।প্রিজন সেল থেকে চিকিত্সকের খোঁজে মা ও ভগ্নিপতির কাঁধে ভর দিয়ে কাদের প্রথমে ভুল করে বি ব্লকে যান। সেখানে হাসপাতালের এক কর্মী তাঁদের জানান, অর্থোপেডিক বিভাগ ডি ব্লকে। তারপর উপস্থিত গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় ডি ব্লকে খুঁজে সেখানে যান কাদের। খোঁড়াতে খোঁড়াতে ৪৫ মিনিট হেঁটে ডি ব্লকে অভ্যর্থনা কক্ষে পৌঁছেন কাদের।অন্যদিকে কাদেরের বোন জান্নাতুল মাওয়া তারও আগে থেকে চিকিত্সার ফাইলপত্র দিয়ে চিকিত্সকদের খোঁজে এক কক্ষ থেকে আরেক কক্ষে দৌড়াদৌড়ি করছিলেন। পরে রাত আটটায় কাদেরকে অর্থোপেডিক বিভাগের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি: আবদুল কাদেরকে নির্যাতনের ঘটনা তদন্তের জন্য যুগ্ম সচিব (প্রশাসন-২) আশীষ রঞ্জন দাসকে প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ এ কমিটি গঠন-সংক্রান্ত আদেশ জারি করে।হাইকোর্টের নির্দেশনা অনুসারে এই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মিজানুর রহমান। তিনি প্রথম আলোকে জানান, হাইকোর্টের নির্দেশনা অনুসারে আট সপ্তাহের মধ্যে এই কমিটি হাইকোর্টে প্রতিবেদন দেবে।