মুক্তি পেয়েই লড়াইয়ের অঙ্গীকার অ্যাসাঞ্জের
গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জামিনে মুক্তি পেয়েছেন। লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে আট রাত কাটানোর পর গতকাল বৃহস্পতিবার তিনি জামিনে মুক্তি পান। গতকাল লন্ডনের একটি আদালত আপিল আবেদনের শুনানি শেষে তাঁর জামিন বহাল রাখার নির্দেশ দেন। পরে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শেষে গতকালই তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর অ্যাসাঞ্জ নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এ ছাড়া গোপন নথি প্রকাশের কাজও চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। খবর বিবিসি, গার্ডিয়ান ও এএফপির।অস্ট্রেলীয় সাংবাদিক অ্যাসাঞ্জ গত মঙ্গলবার জামিন পেলেও সুইডিশ কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করে। গতকাল ওই আপিলের শুনানি শেষে আদালত আপিল খারিজ করে অ্যাসাঞ্জের জামিন মঞ্জুর করেন। লন্ডনের রয়্যাল কোর্ট অব জাস্টিসের বিচারপতি ডানকান উইজলি বলেন, ‘শর্ত সাপেক্ষে জুলিয়ান অ্যাসাঞ্জের জামিন মঞ্জুর করা হলো।’ তিনি জানান, গত মঙ্গলবার দেওয়া জামিনের শর্তগুলোই নতুন জামিনের শর্ত হিসেবে থাকবে।জামিনের শর্ত অনুযায়ী অ্যাসাঞ্জকে মুচলেকা হিসেবে আদালতে দুই লাখ ৪০ হাজার পাউন্ড জমা দিতে হবে। জামিনে মুক্তি পেলেও অ্যাসাঞ্জ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না। তাঁকে আপাতত থাকতে হবে ইংল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল বানগিরের নর্থ সাফোক শহরের কাছে একটি বাড়িতে। ৬০০ একর আয়তনের এই বিশাল বাড়িও যেন আরেকটি অঘোষিত জেলখানা। এখানে রয়েছে ১০টি বেডরুম। তাঁকে নিয়মিত পুলিশের কাছে হাজিরা দিতে হবে। এ ছাড়া তাঁর পাসপোর্টও জমা দিতে হবে। আর পুলিশ যাতে তাঁকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে পারে, এ জন্য তাঁকে একটি ইলেকট্রনিক ট্যাগ পরতে হবে।অ্যাসাঞ্জের আইনজীবী মার্ক স্টিফেনস জানান, আদালত জুলিয়ান অ্যাসাঞ্জের জামিন মঞ্জুর করেছেন। তিনি বলেন, ‘অ্যাসাঞ্জের জামিনে আমরা উচ্ছ্বসিত। এ জন্য সবাইকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।’ স্টিফেনস আরও বলেন, মঙ্গলবারের জামিনের বিরুদ্ধে সুইডিশ কর্তৃপক্ষের আপিল ছিল একেবারেই অপ্রয়োজনীয়। এতে প্রমাণিত হয়েছে, সুইডেন প্রতিহিংসাপরায়ণ হয়ে এই কাজ করেছে। এর আগে স্টিফেনস জানান, আদালতে জমা দেওয়ার জন্য মুচলেকার অর্থ অ্যাসাঞ্জের সমর্থকেরাই দিয়েছেন।আদালতে হাজির করার নির্দিষ্ট সময়ের ঘণ্টা খানেক আগে কারাগারের নির্দিষ্ট কক্ষ থেকে অ্যাসাঞ্জকে বের করা হয়। সাদা একটি প্রিজন ভ্যানে করে তাঁকে আদালতে নেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা শুনানি চলার সময় অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ, গণমাধ্যমকর্মী ও অ্যাসাঞ্জের সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আদালতে শুনানির সময় বাইরে অ্যাসাঞ্জের সমর্থকেরা ‘যুদ্ধাপরাধের তথ্য ফাঁস করা অপরাধ নয়’ বলে স্লোগান দেন। ক্রিস্টিন অ্যাসাঞ্জ বলেন, ‘ছেলের সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁদের ধন্যবাদ জানাই।’গত মাসের শেষ দিকে আড়াই লাখ গোপন মার্কিন কূটনৈতিক নথি ফাঁস করে উইকিলিকস। এর পরই অ্যাসাঞ্জ ও উইকিলিকসের বিরুদ্ধে তৎপর হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সুইডেনে করা দুই নারীর যৌন নিপীড়নের মামলায় ৭ ডিসেম্বর লন্ডনে আত্মসমর্পণ করলে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানাবলে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরই তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।অনৈতিক বল প্রয়োগের একটি ধারা, যৌন নিপীড়নের দুটি ধারা ও ধর্ষণের একটি ধারায় সুইডিশ কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ আনে। অপরাধগুলো ২০১০ সালের আগস্টে ঘটে বলে উল্লেখ করা হয়। তবে অ্যাসাঞ্জ সব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাঁর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।