মুক্তিকামী কুর্দিদের যুদ্ধবিরতি ঘোষণা
তুরস্কের জেলে আটক কুর্দি নেতা আবদুল্লাহ ওসালান আজ বৃহস্পতিবার তাঁর অনুগামীদের যুদ্ধবিরতি কার্যকর এবং তুরস্কের ভূমি ত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। গত কয়েক দশকে তুরস্কের সঙ্গে কুর্দিদের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং দেশটির অর্থনীতিকে বিপর্যস্ত করে রেখেছে। কয়েক লাখ কুর্দি আজ তুরস্কের দিয়ারবাকির এলাকায় নওরোজ (নববর্ষ) পালন উপলক্ষে জড়ো হয়। তাদের হাতে ছিল ব্যানার ও ওসালানের মোচওয়ালা ছবি। উপস্থিত জনতাকে স্লোগান দিতে দেখা গেছে। ওসালান ১৯৯৯ সাল থেকে মারমারা সাগরে তুরস্কের একটি দ্বীপে বন্দী। আজ সমাবেশ স্থলে কুর্দি রাজনীতিকেরা ওসালানের একটি বিবৃতি জনতাকে পড়ে শোনান।বিবৃতিতে তিনি বলেন, ‘এবার বন্দুকগুলোকে শান্ত করুন। রাজনীতিকে জমিয়ে তুলুন। এখন আমরা একটা পর্যায়ে পৌঁছেছি। আমাদের সশস্ত্র বাহিনীগুলো সীমান্তের ওপারে চলে যাক। শেষ এখানে নয়। এটা একটা নতুন যুগের সূচনা মাত্র।’এ ঘোষণার পর তুরস্কের প্রধানমন্ত্রী তাইপে এরদোগানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০০২ সালে ক্ষমতায় গিয়ে তিনি বহু বছরের গোঁড়ামি ভেঙে এবং দেশটির উগ্র জাতীয়তাবাদী ও সেনাবাহিনীর হুমকি মোকাবিলা করে কুর্দিদের সংস্কৃতি ও ভাষার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন। বছর দুয়েক আগে উগ্রপন্থীদের চাপ এড়িয়ে তিনি গোপনে কুর্দি স্বাধীনতাকামীদের সঙ্গে নরওয়ের অসলোতে বৈঠকে বসেছিলেন।ওসালানের ঘোষণার পর কুর্দিরা ইরাকের উত্তরাঞ্চলের পাহাড়গুলোতে তাদের ঘাঁটি এলাকায় আশ্রয় নেবে। ওই এলাকা থেকেই তারা তুরস্কের ওপরে হামলা চালিয়ে এসেছে। তুরস্কের বিমানবাহিনী ওই এলাকায় একাধিকবার হামলা চালিয়েও তাদের দমনে ব্যর্থ হয়েছে। ওসালানের নেতৃত্বে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ১৯৮৪ সাল থেকে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার দাবিতে লড়াই চালিয়ে আসছে। তুরস্ক, ইরাক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে। কয়েক বছর ধরে দলটির নেতারা তাঁদের দাবির পরিমাণ কমিয়ে আনার চেষ্টা করছেন। এখন তাঁরা স্বায়ত্তশাসন এবং ভাষা ও সংস্কৃতির স্বীকৃতির দাবিতে গণ-আন্দোলন সংঘটনের চেষ্টা করছেন। তুরস্কের বিডিপি দলের একজন আইনপ্রণেতা এরতুগুরুল কুর্কু বলেন, ‘একটি কৌশলগত পরিবর্তন হচ্ছে। কুর্দিদের স্বাধীনতার আন্দোলন সশস্ত্র যুদ্ধের পথ ছেড়ে সাংস্কৃতিক লড়াইয়ের পথে হাঁটছে। পিকেকে এই কৌশলকে মেনে নিয়েছে।’