মুক্তিপণ আদায়কালে চারজন অপহরণকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় তিন কলেজ ছাত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় শহরের পুরান বগুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ পরে অপহূত ব্যাংক কর্মকর্তা মামুনুর রশিদকে (৫০) একটি ছাত্রাবাস থেকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র আকিদুল ইসলাম (২৪), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জেহাদুল হাসান (২৩), হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইমরান হোসেন (২১) এবং গাবতলীর ধামাচামা গ্রামের মেহের আলী (৪৬)।ডিবি পুলিশ জানায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সান্তাহার শাখার সুপারভাইজার মামুনুর রশিদ (৫০) গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কর্মস্থল থেকে ট্রেনে বগুড়া স্টেশনে নামেন। তখন চারজন যুবক তাঁকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর তাঁর মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। গতকাল বিষয়টি বগুড়ার ডিবি পুলিশকে জানানো হলে পুলিশের পরামর্শে অপহূতের পরিবারের লোকজন অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে এবং ৬০ হাজার টাকায় মামুনুর রশিদকে মুক্তি দিতে রাজি করায়। অপহরণকারীরা মামুনুরের পরিবারের সদস্যদের গতকাল রাত নয়টায় টাকা নিয়ে শহরের পুরান বগুড়ায় যেতে বলা হয়। এ সময় ডিবি পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। অপহরণকারীদের সঙ্গে টাকা লেনদেনের সময় ডিবি পুলিশ আকিদুল ইসলাম ও জেহাদুল হাসানকে ধরে ফেলে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুরান বগুড়ার বন্ধন ছাত্রাবাস থেকে গ্রেপ্তার করা হয় অপর দুই জনকে। তিন কলেজ ছাত্রের সঙ্গে গ্রেপ্তারকৃত মেহের আলী জানান, মামুনুর রশিদ গাবতলীতে চাকরি করার সময় তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেয়। দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ না করায় টাকা আদায়ের জন্য তাঁকে অপহরণ করা হয়।তবে ব্যাংক কর্মকর্তা মামুনুর রশিদ পাওনার কথা অস্বীকার করেছেন।ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, টাকা লেনদেনের বিষয়টি তদন্তকালে জানা যাবে। তবে তদন্তে মামুনুর রশিদকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।