মুক্তিপণ না পেয়ে ছয় বছরের শিশুকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত নামাপাড়া বোটঘাট এলাকায় এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইশরাত জাহান ইভা (৬) নামের শিশুটি আল-মানারাত মডেল স্কুলের শিশু শ্রেণীর ছাত্রী ছিল। অপহরণের চার দিন পর ঈদের দিন দুপুরে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এর আগে তার পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।ইশরাতের মামা মো. স্বপন বলেন, খিলক্ষেতের নামাপাড়ার বোটঘাট এলাকায় মা-বাবার সঙ্গে থাকত ইভা। বাসার পাশেই তার নানির বাড়ি। ৩ নভেম্বর দুপুর দুইটার দিকে সে বাসায় যাওয়ার জন্য নানির বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেলেও বাসায় না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। সেদিন রাত নয়টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ইভার মামা রিপনকে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১২ নভেম্বরের মধ্যে ব্যাংকের মাধ্যমে টাকা দিতে বলা হয়। এরপর ৬ নভেম্বর আবার মুক্তিপণের জন্য ফোন আসে। তখন রিপন ফোনে ইভার সঙ্গে কথা বলতে চাইলে কথা বলতে দেওয়া হয়নি। ঈদের দিন সকালে স্থানীয় একটি জলাভূমিতে ইভার বস্তাবন্দী ভাসমান লাশ পাওয়া যায়। তার দুই কানে কালো এবং বাম হাত গলার সঙ্গে এবং ডান হাত পায়ের সঙ্গে বাঁধা ছিল।খিলক্ষেত থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয়েছে। ইভার বাবা ইউসুফ আলী বিআরটিসির গাড়িচালক। ইভা নিখোঁজ হওয়ার পর তিনি খিলক্ষেত থানায় দুটি সাধারণ ডায়েরি করেন।