মুক্তিপণের টাকা দিয়ে টঙ্গীতে দুই শতাংশ জমি কেনেন শিশু পরাগের ‘মূল অপহরণকারী’ মোক্তার হোসেন আমির। মুক্তিপণ আদায়ের সাত দিনের মাথায় দাম পরিশোধ করে জমিটি রেজিস্ট্রি করা হয়। এমনকি কেনার পরপরই তিনি সেখানে ভবন নির্মাণের কাজও শুরু করে দেন।পরাগ অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমিরের জমি কেনার কথা তিনিও শুনেছেন। তবে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি হাতে পাননি। তিনি এসব খতিয়ে দেখছেন।অপহরণের তিন দিন পর গত ১৩ নভেম্বর রাতে ৫০ লাখ টাকা মুুক্তিপণের বিনিময়ে পরাগকে ছেড়ে দেন সন্ত্রাসী আমির। এ ঘটনায় পুলিশ আমিরসহ ১১ জনকে গ্রেপ্তার করে। এঁদের ১০ জন এখন কারাগারে। অপহরণের ‘মূল পরিকল্পনাকারী’ আমিরকে কেরানীগঞ্জ থানার পুলিশ হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, অপহরণের কথা স্বীকার করলেও মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করেননি আমির। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতেই আছে পরাগ। তার বাসায় এখনো পুলিশি পাহারা রয়েছে।মুক্তিপণের টাকা পাওয়ার পর দ্রুত জমি কেনেন আমির। টঙ্গীর মুদাফা বাজারের মাদ্রাসা মার্কেটের ঠিক পেছনে মরহুম ওহাদ আলীর ছেলে মো. হাছেন আলীর (৬৫) কাছ থেকে তিনি জমি কেনেন। টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের একজন কর্মচারী জানান, গত ১৯ নভেম্বর সাফ কবলা দলিল মূলে মোক্তার হোসেন আমির পিতা-মো. আব্বাস আলী ঠিকানা, হাসনাবাদ, ঢাকা জুট মিল, কেরানীগঞ্জ ঠিকানায় জমিটি রেজিস্ট্রি হয়। এর বিক্রেতা মরহুম ওহাদ আলীর ছেলে হাছেন আলী। ঠিকানা মুদাফা, টঙ্গী, গাজীপুর। দলিলে জমির পরিমাণ দুই শতাংশ এবং মূল্য পাঁচ লাখ পাঁচ হাজার টাকা বলে উল্লেখ রয়েছে। জমির তফসিল হলো, মৌজা-কাকিল সাতাইশ, আর এস খতিয়ান ২৫০ ও দাগ নম্বর ৯৬৯, মুদাফা, টঙ্গী, গাজীপুর। মধ্যস্থতাকারী মো. মোরশেদ জানান, গত ১৭ নভেম্বর মুদাফার বাসিন্দা সাহেব আলীর মাধ্যমে আমির তাঁর কাছে আসেন। পরে হাছেন আলীর দুই শতাংশ জমি ১৭ লাখ টাকায় কেনাবেচার ব্যাপারে দুই পক্ষ একমত হয়। আমির সার্ভেয়ারের মাধ্যমে ১৮ নভেম্বর জমি সীমানা নির্ধারণ করে বুঝে নেন। একই দিন তিনি রড, সিমেন্ট, ইট, বালু দিয়ে ভবনের কাজ শুরু করেন। ১৯ নভেম্বর টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসে নিজের নামে রেজিস্ট্রি করে নেন। দলিলে সাহেব আলী ও হাছেনের ছেলে মো. মহিউদ্দিন সাক্ষী হিসেবে আছেন। সরেজমিনে দেখা গেছে, চেরাগ আলী-ভাদাম সড়কের মুদাফা বাজারের মাদ্রাসা মার্কেটের ৫০ গজ পেছনে হাছেন আলীর বাড়ি। পাশে খোলা স্থানে রড, বালু ও ইট পড়ে আছে। হাছেন আলী জানান, তিনি আমিরকে কখনো দেখেননি বা চেনেনও না। শুধু জমির ক্রেতা হিসেবে সেদিনই প্রথম দেখেন। টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মো. আইয়ুব মণ্ডল দলিল রেজিস্ট্রির বিষয়ে নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তিনি আমিরকে আগে কখনো দেখেননি।