রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়ন থেকে অপহূত রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের পাঁচ কর্মকর্তাকে উদ্ধারের প্রথম সমঝোতা-প্রক্রিয়া ভেস্তে গেছে। মুক্তিপণের অঙ্ক নিয়ে মতৈক্য না হওয়ায় টেলিটকের কারিগরি সহায়তায় নিযুক্ত কোম্পানি বি টেকনোলজি ও অপহরণকারীদের মধ্যকার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।বি টেকনোলজি সূত্রে জানা যায়, তাদের একটি প্রতিনিধিদল অপহরণকারীদের সঙ্গে বৈঠকের জন্য বৃহস্পতিবার খাগড়াছড়ি যায়। শহর থেকে ১০ কিলোমিটার দূরে একটি স্থানে এ বৈঠক হয়। এতে অপহরণকারীরা পাঁচ কর্মকর্তার মুক্তিপণ হিসেবে তিন কোটি টাকা দাবি করে। বি টেকনোলজির পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয় এবং বি টেকনোলজির প্রতিনিধিরা চট্টগ্রামে চলে যান।যোগাযোগ করা হলে বি টেকনোলজির ব্যবস্থাপক মো. ইউসুফ গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা অপহরণকারীদের সঙ্গে বৈঠক করেছি। কিন্তু টাকার অঙ্ক বেশি হওয়ায় কোনো কিছু ভেবে পাচ্ছি না।’ তিনি বলেন, ‘প্রথমে জানানো হয়েছিল ৪০ লাখ টাকা, এখন তা বাড়িয়ে তিন কোটি টাকা চাওয়া হচ্ছে। আমাদের ছোট কোম্পানি। সব সম্পত্তি বিক্রি করেও এত টাকা জোগাড় করা সম্ভব নয়।’আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, অপহূত ব্যক্তিদের উদ্ধারে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আবারও অভিযান শুরু করা হয়েছে। সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অপহরণকারীদের অবস্থানের সম্ভাব্য সব এলাকা ঘিরে রেখেছে।গত সোমবার দুপুরে মারিশ্যার বারিবিন্দুঘাট থেকে একটি টাওয়ারে কাজ করার সময় টেলিটকের পাঁচ কর্মকর্তাকে অপহরণ করা হয়। তাঁরা হলেন বি টেকনোলজির প্রকৌশলী আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. হেমায়াত হোসেন ও মো. ইমরুল হোসেন এবং সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমান। পরে ওই দিন রাতে মুঠোফোনে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।মারিশ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তন্টুমনি চাকমা জানান, সামাজিকভাবেও অপহূত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। আজ শনিবার এ বিষয়ে করেঙ্গাতলী সেনাক্যাম্পে এক জরুরি মতবিনিময় সভা ডাকা হয়েছে। সেখানে অপহূত ব্যক্তিদের উদ্ধারের উপায় নিয়ে আলোচনা হবে।বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রাজ্জাক জানান, টেলিটকের কর্মকর্তাদের অপহরণের ঘটনায় বি টেকনোলজির সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। অপহূত ব্যক্তিদের উদ্ধারে পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. জাকির হোসেন বলেন, সেনাবাহিনী ও বিজিবি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। অপহরণকারীদের অবস্থানের সম্ভাব্য সব এলাকা ঘিরে রাখা হয়েছে। খুব শিগগিরই অপহরণকারীরা ধরা পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।