মুক্তিবার্তা ও গেজেটে নাম থাকলেই শুধু ভোট দেওয়া যাবে। যাঁদের নাম নেই, তাঁরা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে ভোট দিতে পারবেন না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন কমিশনার এবং বিমান ও পর্যটনসচিব শফিক আলম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় আজকের মধ্যে নির্বাচন কমিশনকে মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সরবরাহ করবে। পরে তা যাচাইবাছাই করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের অনুকূলে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিল দুই কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা ছাড় করেছে।শফিক আলম বলেন, নির্বাচনসংক্রান্ত সব নির্দেশিকা, পরিপত্র ও তথ্য এক করে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন পরিচালনা নির্দেশিকা নামের একটি বই ওয়েবসাইটে (www.molwa.gov.bd) দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমান্ডোর জন্য সাদা রঙের, জেলা কমান্ডোর জন্য হালকা হলুদ রঙের এবং উপজেলা কমান্ডের জন্য হালকা নীল রঙের ব্যালট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে বিভিন্ন নামে বিভিন্ন কমিটির যে কার্যক্রম রয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে তা স্থগিত থাকবে।উল্লেখ্য, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন নয়টি বৈঠক করেছে।