বায়ান্নর একুশে ফেব্রুয়ারি। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তখন উত্তাল চারদিক। শিক্ষার্থীদের হাতে হাতে প্ল্যাকার্ড আর ফেস্টুন। আমানুল হকের হাতে তখন ক্যামেরা। একের পর এক ক্যামেরাবন্দী করে চলেছেন দুর্লভ দৃশ্য। ভাষা আন্দোলনে অনন্য ভূমিকা রেখেছেন এই মানুষটি, পেলেন একুশে পদক-২০১১। পুরস্কারের স্মারক নিজের কাছে না রেখে আগামী প্রজন্মকে দেখার সুযোগ করে দিতে তুলে দিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরে। গতকাল সোমবার দুপুরে আমানুল হক তাঁর বাসভবনে জাদুঘর কর্তৃপক্ষের কাছে একুশে পদক ও সনদ হস্তান্তর করেন। এ সময় জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক, কর্মসূচি সমন্বয়ক রফিকুল ইসলাম এবং বাংলাদেশ বেতারের সাংবাদিক কাজী সালাহ্উদ্দীন উপস্থিত ছিলেন।আমানুল হকের বয়স এখন ৮৭। কেশ-শ্মশ্রুতে কাশফুলের শুভ্রতা। একুশে পদকটি হাতে নিয়ে তিনি বললেন, ‘আমি একুশে পদক পেয়েছি, এ জন্য অবশ্যই আনন্দিত। এমন অনেকেই আছেন, যাঁরা আমার থেকেও অনেক বেশি অবদান রেখেছেন, কিন্তু তাঁদের নাম প্রচার হয়নি। নাম অজানা সেই মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি আমার পদকটি তাঁদের জন্য উৎসর্গ করলাম।’আমানুল হক বলেন, ‘আমার এই পদক আগামী প্রজন্ম দেখবে অনেক দিন ধরে। সে জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরে এটি হস্তান্তর করা হলো।’একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহীদ রফিকের গুলিবিদ্ধ ছবিটি তুলেছিলেন আমানুল হক। মগজ বেরিয়ে যাওয়া রক্তমাখা সেই ছবির কারণে শাসকগোষ্ঠী কঠোর সমালোচনার মুখে পড়েছিল। সেই দিনের কথা এখনো হুবহু বলতে পারেন তিনি। ’৬৯-এর অভ্যুত্থানেরও ছবি তুলেছেন এই আলোকচিত্রী। একাত্তরের স্বাধীনতা আন্দোলনের সময় পাকিস্তানি হানাদারেরা শহীদ মিনার গুঁড়িয়ে দিয়েছিল। সেই ছবিও তিনি তুলেছিলেন।১৯২৫ সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জন্ম আমানুল হকের। আন্তর্জাতিক আলোকচিত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পঞ্চাশ দশকের গোড়ায় ইউনেসকো ওয়ার্ল্ড এক্সিবিশন অব ফটোগ্রাফিতে খ্যাতি অর্জন করেন। তাঁর একটি ছবি বিশ্বের সেরা আলোকচিত্রের সংকলনে স্থান পায়।