মুক্তিযুদ্ধ জাদুঘরে বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করেছে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালা। গতকাল শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ স্লোগান নিয়ে উৎসবের উদ্বোধন করেন ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। এ সময় সম্প্রতি কম্বোডিয়ার যুদ্ধাপরাধের বিচার নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিসের প্রসিকিউশন বিভাগের আইনজীবী রিচার্ড রজার্স। জাতিসংঘে কর্মরত এ আইনজীবী বলেন, কম্বোডিয়ার যুদ্ধাপরাধ বিচারের প্রক্রিয়া থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। তিনি আশা করেন, এ বিচার-প্রক্রিয়া যত দীর্ঘ হোক না কেন, বাংলাদেশিদের সদিচ্ছার কারণে এটি সফল হবে। অনুষ্ঠানে স্থায়ী মুক্তিযুদ্ধ ভবন নির্মাণে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদান গ্রহণ করেন জাদুঘরের ট্রাস্টির সদস্য সারোয়ার আলী। তিনি জানান, এ পর্যন্ত ভবন নির্মাণে সাহায্য এসেছে মোট ৩১ কোটি ৬৭ লাখ ১৩ হাজার ২৩২ টাকা। তিনি বলেন, সরকারের কাছ থেকে মোট খরচের মাত্র এক-চতুর্থাংশ অনুদান নেওয়া হবে।গতকাল জমা পড়েছে ৬৫ হাজার টাকা। অনুদান প্রদান করেন কামরুল হাসান, এস এ জাহান, হবিগঞ্জের অমীয় চক্রবর্তী, উইথ লিভিং লিজেন্ট অ্যান্ড আক্কার কমিউনিকেশন, উদ্দীপন উচ্চবিদ্যালয়, শ্রীমঙ্গল মৌলভীবাজারের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়।আলোচনার পর দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে নৃত্যম। দলীয় আবৃত্তি করে সংবৃতা। ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি বিশেষ আলেখ্য পরিবেশন করেন। সবশেষে উইথ লিভিং লিজেন্ড পরিবেশন করে অণুনাট্য এখনও মুখোশের আড়ালে।আজ রোববার দ্বিতীয় দিনের অনুষ্ঠান বিকেল পাঁচটায় শুরু হবে। নাট্যধারা পরিবেশন করবে নাটক আবারও বাংলাদেশ। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করবে দলীয় সংগীত।