এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফ্ল্যাশব্যাক। লিখেছেন মাবরুর রশীদ, যৌথভাবে পরিচালনা করেছেন ইমারাউল রাফাত ও মাবরুর রশীদ। নাটকটিতে অভিনয় করেছেন তিশা। কথা হলো তাঁর সঙ্গে।‘ফ্ল্যাশব্যাক’ নাটকের গল্পটি কীরকম?নাটকের মূল ভাবনা হলো—দেশ আমাদের স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমরা এই প্রজন্মের ছেলেমেয়েরা দেশকে কী দিয়েছি। এখানে আছে একটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড। এই ব্যান্ড ঘিরেই এগিয়েছে সবকিছু। আপনি এখন ‘টেলিভিশন’ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত। এই নাটকের ব্যাপারে আগ্রহী হলেন কেন?ফ্ল্যাশব্যাক নাটকের চিত্রনাট্য পড়ে মুগ্ধ হয়েছিলাম। মুক্তিযুদ্ধ নিয়ে এখন এ ধরনের নাটকই বেশি হওয়া দরকার। নাটকটির পরিচালক ও নাট্যকারেরা একেবারেই নতুন। কিন্তু ওদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, ওরা ভালো কিছু করতে যাচ্ছে। তাই রাজি হয়ে গেলাম।নাটকটিতে আর কে কে অভিনয় করেছেন?আলী যাকের, আবুল হায়াত, কল্যাণ আর সাঈদ বাবু ছাড়া বাকি সবাই একেবারেই নতুন। চরিত্র নয়, গল্পে সময় আর মূল ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।আপনি বলছেন, একটি ব্যান্ডকে ঘিরে এগিয়েছে গল্প। নাটকটিতে কোনো গান আছে? এখানে কিন্তু ব্যান্ডের কোনো গান নেই। তবে পরিচালকদের অনুরোধে আমি একটি নজরুলসংগীত গেয়েছি—‘ওই শিকল পরা ছল’। একটি কথা বলতেই হয়, বাবার মৃত্যুর পর আর আমার সেভাবে গানের চর্চা করা হয়নি। মাঝে টিভিতে ঈদের দুটি অনুষ্ঠানে শুধু দুটি গান করেছিলাম।