তথ্য মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত গেরিলা ছবিটি এবার ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নেটপ্যাক পুরস্কার’ পেয়েছে। সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ ও মুক্তিযুদ্ধে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞার ওপর ভিত্তি করে ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ। যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস। বৃহস্পতিবার নন্দনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে উৎসবের এই একমাত্র পুরস্কার তুলে দেন সন্দীপ রায়। কথা হলো নাসির উদ্দীন ইউসুফের সঙ্গে।‘গেরিলা’ এবার কলকাতা উৎসবে ‘নেটপ্যাক পুরস্কার’ পেয়েছে। আপনাকে অভিনন্দন।ধন্যবাদ। মুক্তিযুদ্ধভিত্তিক কোনো কাজ যদি পুরস্কৃত হয়, তাহলে স্বাভাবিকভাবেই অনেক আনন্দ হয়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও সে রকমই আনন্দিত। এটাই গেরিলার প্রথম পুরস্কার। যাঁরা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, বীরাঙ্গনা হয়েছেন—এই পুরস্কার সেই বীরদের উদ্দেশে উৎসর্গ করছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি এই ছবির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের। এই অর্জন সবার।আপনি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। উৎসবের পুরোটা সময় কলকাতায় ছিলেন। ছবিটির ব্যাপারে ওখানে দর্শকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন?বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষদের অনুভূতি জড়িয়ে আছে। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে নানা কথা শুনেছে। এবার মুক্তিযুদ্ধের সেই ভয়াবহতার কিছু খণ্ডিত ঘটনা তারা চলচ্চিত্রে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়েছে। শিল্পী, সাহিত্যিক, নির্মাতাসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা ছবিটি দেখেছেন। গেরিলা উৎসবের প্রতিযোগিতা বিভাগে উদ্বোধনী ছবি ছিল। ছবিটি নন্দন ১ ও স্টারে দেখানো হয়। কিন্তু দর্শকদের আগ্রহের কারণে পরে নবীনাতেও ছবিটির প্রদর্শনী হয়েছে। এখানে দর্শকেরা টিকিট কেটে ছবিটি দেখেছে। পুরো প্রেক্ষাগৃহ ছিল দর্শকপূর্ণ।সংবাদমাধ্যমগুলোর কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন?খুবই ভালো। আনন্দবাজার, আজকাল ও টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় ছবিটির ব্যাপারে ভূয়সী প্রশংসা করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ছবির প্রথম দিনের প্রদর্শনীর পর আনন্দবাজার পত্রিকায় উপসম্পাদকীয় প্রকাশিত হয়। বিভিন্ন টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার প্রচার করেছে।‘গেরিলা’র পর কী ভাবছেন?মুক্তিযুদ্ধ নিয়ে আরেকটি ছবি করব। আমার প্রথম ছবি একাত্তরের যীশু, দ্বিতীয়টি গেরিলা। এবার যে ছবিটি তৈরি করব, তা নিয়ে আমার পরিচালনায় ‘মুক্তিযুদ্ধের ত্রয়ী চলচ্চিত্র’ হবে। ছবির জন্য প্রাথমিকভাবে দুটি ঘটনা বেছে নিয়েছি—সৈয়দপুরের গণহত্যা আর নওগাঁর এক বীরাঙ্গনার গল্প। আগামী বছর ওয়ার্ল্ড শেক্সপিয়ার ড্রামা ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে শেক্সপিয়ারের টেমপেস্ট নাটকটি মনোনীত হয়েছে। নাটকটি আমি নির্দেশনা দিচ্ছি। ওই উৎসবের পর নতুন ছবির কাজে হাত দেব।