মুক্তিযুদ্ধ সম্মাননা নিতে ঢাকায় বিদেশি বন্ধুরা
মুক্তিযুদ্ধ সম্মাননা নিতে বিদেশি বন্ধুরা ঢাকায় আসতে শুরু করেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা ৬৯ বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সম্মাননা পাচ্ছেন। ২৭ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মাননা পদক বিতরণ করবেন।বিদেশি নাগরিক হয়েও ১৯৭১ সালে যেসব সুহূদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন মুক্তিযোদ্ধাদের; তাঁদের প্রতি সশ্রদ্ধ সম্মান জানাতে এই রাষ্ট্রীয় আয়োজন, মুক্তিযুদ্ধ সম্মাননা। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের পক্ষ থেকে সম্মাননা জানাতে প্রথমে ১৩২ জনের খসড়া তালিকা তৈরি করা হয়। তবে আমন্ত্রণ জানানো হয় ১১০ জনকে। গতকাল শুক্রবার পর্যন্ত ৬৯ জন বিদেশি নাগরিক বা তাঁদের পক্ষে স্বজনেরা সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি জানিয়েছেন। এদের মধ্যে কেউ বা আসবেন সস্ত্রীক, কেউ ছেলেমেয়ে নিয়ে। কয়েকজন চার দশক পর নাতি-পুতি নিয়ে আসছেন স্মৃতিচারণা করতে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইতিমধ্যে কয়েকজন বিদেশি ঢাকায় পৌঁছেছেন। আজ শনিবার বেশির ভাগ অতিথি চলে আসবেন বলে আশা করা হচ্ছে। প্রয়াত বা জীবিত বিশিষ্ট ব্যক্তি ও তাঁদের স্বজনেরাও স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন। সব মিলিয়ে অতিথির সংখ্যা ১২০ জনের কাছাকাছি হবে বলে ধারণা করছে পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিদেশি অতিথিরা রাজধানীর দুই অভিজাত হোটেল রূপসী বাংলা ও সোনারগাঁওয়ে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় এই বর্ণাঢ্য আয়োজনের বিষয় তুলে ধরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকায় আসা নিশ্চিত করা অতিথিদের তালিকা পাওয়া গেছে। তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ভারত থেকে আসছেন সবচেয়ে বেশিসংখ্যক অতিথি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, স্বাধীনতার ৪০ বছর পর আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি নাগরিকদের এ সম্মাননা দেওয়া হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া এবং তা অব্যাহত থাকবে। এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদান রাখায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা’ (মরণোত্তর) পদক দেওয়া হয় গত বছরের ২৫ জুলাই। তাঁর পক্ষে পুত্রবধূ ও ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সম্মাননা গ্রহণ করেন। বিদেশিদের জন্য এটি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। বাংলাদেশ সরকার বিদেশি নাগরিকদের তিন ধরনের সম্মাননা দিয়ে থাকে। স্বাধীনতা সম্মাননা, মুক্তিযুদ্ধ সম্মাননা এবং মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।বিভিন্ন দেশের যেসব যুদ্ধবন্ধু ঢাকায় আসছেন, তাঁদের মধ্যে রয়েছেন: বাংলাদেশের পক্ষে গান গেয়ে আন্তর্জাতিক জনমত সৃষ্টিতে ভূমিকা রাখা পণ্ডিত রবিশঙ্করের প্রতিনিধি, মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের সেনাপ্রধান ও প্রয়াত ফিল্ড মার্শাল এস এ এম মানেকশর পক্ষে লে. জেনারেল দীপেন্দর সিং, লে. জেনারেল (অব.) জ্যাক ফ্রেডেরিক রালফ জ্যাকব, মুক্তিযুদ্ধ চলাকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের পক্ষে স্ত্রী লক্ষ্মী সিংহ এবং তাঁর চার ছেলেমেয়ে, ওই সময়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শংকর রায়ের প্রতিনিধি। যুক্তরাষ্ট্র থেকে আসছেন মুক্তিযুদ্ধ চলাকালে মার্কিন দূতাবাসের কর্মকর্তা প্রয়াত আর্চার কে ব্লাডের প্রতিনিধি, সাংবাদিক লিয়ার লেভিন। রাশিয়া থেকে আসছেন প্রয়াত অধ্যাপক ভ্লাদিমির স্তানিসের মেয়ে এবং রিয়ার অ্যাডমিরাল সার্গেই পাভলভিচ জুয়েনকোর প্রতিনিধি। যুক্তরাজ্য থেকে মুক্তিযুদ্ধ চলাকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের (প্রয়াত) প্রতিনিধি, হাউস অব কমন্সের তখনকার বিরোধী দলের নেতা প্রয়াত এমপি পিটার শোরের প্রতিনিধি, সাংবাদিক সায়মন ড্রিং ও জুলিয়ান ফ্রান্সিস। সুইডেন থেকে প্রয়াত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ গুনার মিরডালের প্রতিনিধি। এ ছাড়া আন্তর্জাতিক সংগঠন ও সংস্থার মধ্যে রয়েছে বিবিসি, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর), আকাশবাণী, কলকাতা বিশ্ববিদ্যালয় সহায়ক সমিতি, অক্সফাম এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। আজ থেকে শুরু হওয়া চার দিনের কর্মসূচিতে রয়েছে আমন্ত্রিত অতিথিদের জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, শিখা চিরন্তন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় যোগদানসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানো। প্রধানমন্ত্রীর নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৭ মার্চ রাতে অনুষ্ঠানমালা শেষ হবে।আরও যেসব বিদেশি বা তাঁদের প্রতিনিধি ঢাকায় আসছেন, তাঁদের মধ্যে রয়েছেন ভারতের প্রয়াত সুরসম্রাট ওস্তাদ আলী আকবর খানের পক্ষে ছেলে ওস্তাদ আশীষ খান, মুক্তিযুদ্ধ সহায়ক সমিতি গঠনে ভূমিকা রাখা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর পক্ষে ছেলে চন্দন বসু, আকাশবাণী কলকাতা থেকে মুক্তিযুদ্ধের সংবাদ পর্যালোচনা করে জনমত সৃষ্টিকারী প্রয়াত দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছেলে দেবরাজ বন্দ্যোপাধ্যায়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দুই বিশেষ সহকারী প্রয়াত ডি পি ধরের পক্ষে ছেলে বিজয় ধর এবং প্রয়াত পি এন হাকসারের পক্ষে মেয়ে নন্দিতা হাকসার, মুক্তিযুদ্ধ চলাকালে ত্রিপুরার মুখ্য সচিব জে পি গুপ্ত, ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সরকার, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে অবদান রাখা প্রয়াত অভিনেতা সুনীল দত্ত ও প্রয়াত নার্গিস দত্তের পক্ষে তাঁদের ছেলে সঞ্জয় দত্ত বা মেয়ে প্রিয়া দত্ত, মুক্তিযুদ্ধে বুদ্ধিবৃত্তিক ভূমিকা রাখা প্রয়াত অন্নদাশঙ্কর রায়ের প্রতিনিধি, মুক্তিযুদ্ধের পক্ষে গান গেয়ে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখা প্রয়াত ভূপেন হাজারিকার পক্ষে ছেলে পুনাং তেজ হাজারিকাসহ তিনজন, মেজর জেনারেল (অব.) এস এস উবানের পক্ষে লে. জেনারেল জি এস উবান, কংগ্রেস নেতা পূর্ণ এ সাংমা, সাবেক রাষ্ট্রদূত অরুন্ধতী ঘোষ, প্রয়াত বিচারপতি এস এ মাসুদের পক্ষে স্ত্রী ও কন্যা, মহারানী বিভু কুমারী দেবী, প্রয়াত অধ্যাপক দিলীপ চক্রবর্তীর পক্ষে সুগত চক্রবর্তী, প্রয়াত সুব্রত রায় চৌধুরীর প্রতিনিধি, শহীদ ল্যান্স নায়েক আলবার্ট ইকা, মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ভূমিকা রাখা জিবি হাসপাতাল ও ড. রথিন দত্ত, মেঘালয়ে ৪০ হাজার শরণার্থীর জন্য ক্যাম্পের জায়গা দেওয়া প্রয়াত রওশনারা বেগম সাংমার পক্ষে তাঁর ছেলে ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী ড. মুকুল সাংমা, ত্রিপুরার প্রয়াত মুখ্যমন্ত্রী দেশারথ দেব বর্মনের পক্ষে স্ত্রী, সাংসদ ড. করণ সিংহের পক্ষে কন্যা-জামাতা, প্রয়াত সর্দার শরণ সিংহের পক্ষে জামাতা প্রমুখ। যুক্তরাষ্ট্র থেকে সাংবাদিক ডেভিড ওয়েজব্রড, রিচার্ড টেইলর, অ্যানা ব্রউন টেইলর, প্রয়াত ড. জোসেফ গার্স্টের প্রতিনিধি, প্রয়াত সিনেটর ফ্র্যাংক চার্চের প্রতিনিধি, প্রয়াত অধ্যাপক এডওয়ার্ড সি ডিমক জুনিয়রের প্রতিনিধি, সাংবাদিক উইলিয়াম বি সাক্সবির পক্ষে ছেলে, কর্নেলিয়াস ই গ্যালাঘার, ফাদার ইভান্স, প্রয়াত অর্থনীতিবিদ জন কেনেথ গলব্রেইথের প্রতিনিধি আসছেন। ফাদার রিচার্ড উইলিয়াম টিম ঢাকায় অবস্থান করলেও যুক্তরাষ্ট্রের তালিকায় তাঁর নাম রয়েছে। যুক্তরাজ্য থেকে আরও আসছেন প্রয়াত এমপি ব্রুস ডগলাস ম্যানের প্রতিনিধি এবং বাংলাদেশের প্রথম ডাকটিকিটের নকশাকার বিমান মল্লিক।এ ছাড়া ইতালি থেকে ফাদার মারিও ভেরোনিস, জাপান থেকে প্রয়াত তাকাশি হায়াকাওয়ার প্রতিনিধি, অধ্যাপক তসুইয়োশি নারা, তাকামাসা সুজুকি, প্রয়াত নাওয়াকি ওসুইয়ের প্রতিনিধি, ডেনমার্ক থেকে ড. কার্স্বেন ওয়েস্টারগার্ড, জার্মানি থেকে বারবারা দাশগুপ্ত ও সুনীল দাশগুপ্ত, আয়ারল্যান্ড থেকে প্রয়াত শ্যন ম্যাকব্রাইডের প্রতিনিধি এবং নোরা শরিফ বাংলাদেশে আসছেন। লেখক-সাংবাদিক হারুন হাবীব বলেন, যেসব বিদেশিকে এই সম্মাননা দেওয়া হচ্ছে, তাঁদের প্রায় সবাই যোগ্য। তবে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বাদ পড়েছে, তাঁদের খুঁজে বের করে সম্মাননা দিতে সরকারের কাছে অনুরোধ জানান তিনি।